দিল্লিতে ত্রিপুরার যুবককে হেনস্থাকড়া পদক্ষেপের আশ্বাস রিজিজুর

24

নিউজ ডেস্ক: দিল্লিতে ত্রিপুরার যুবককে হেনস্থা করার অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর আমির শোকিনের বিরুদ্ধে। এর প্রেক্ষিতে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, দোষীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।
সমাজমাধ্যমে রিজিজু বলেছেন, আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে কিছুটা দেরি হলেও অভিযুক্তকে অবশ্যই পরিণাম ভোগ করতে হবে। রিজিজু লিখেছেনন, দুষ্কৃতকারীকে শাস্তি পেতেই হবে। দিল্লি পুলিশ ও ত্রিপুরা পুলিশ তাকে কঠোর শিক্ষা দেবে। তিনি আরও বলেন, সমাজে যারা এ ধরনের জঘন্য আচরণ সহ্য করে, তারাও ঘৃণা ছড়িয়ে পড়ার জন্য দায়ী।
সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে দিল্লির কনটেন্ট ক্রিয়েটর আমি শোকিন ত্রিপুরার এক যুবকের প্রতি বর্ণবাদী ও অবমাননাকর মন্তব্য করছেন।
এই ঘটনার প্রতিক্রিয়ায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ডিজিপিকে বিষয়টি নিয়ে দিল্লি পুলিশের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং অভিযুক্ত কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ত্রিপুরা পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছে, যেখানে শোকিনের বিরুদ্ধে বর্ণবাদী হয়রানি, সাইবার বুলিং এবং রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের প্রতি অবমাননাকর মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে।
ক্রমবর্ধমান সমালোচনার মুখে শোকিন ফেসবুকে একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে ক্ষমা চেয়েছেন। তিনি দাবি করেছেন যে, ভিডিওর কথোপকথনটি আগে থেকেই সাজানো ছিল এবং এটা শুধু হাস্যরসের উদ্দেশ্যে করা হয়েছিল। তিনি জানান, ভিডিয়োতে যে যুবককে দেখা গেছে, তিনি তাঁর পরিচিত এবং আগে আহমেদাবাদে এক বন্ধুর ক্যাফেতে কাজ করতেন।
শোকিন জোর দিয়ে বলেন যে, কথোপকথনের সময় তাঁরা দুজনেই মজা করছিলেন। তিনি আরও বলেন, ওই যুবক বা কোনো সম্প্রদায়কে অপমান করার কোনও উদ্দেশ্য তাঁর ছিল না।
শোকিন বলেছেন, কারও সম্পর্কে খারাপ কিছু বলার উদ্দেশ্য আমার ছিল না। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি সবাইকে শ্রদ্ধা করি।
এইসঙ্গে তাঁর কথায়, ত্রিপুরার ভাইয়েরা, আমি হাত জোড় করে আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। ভ্রাতৃত্ববোধই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি দুঃখিত।