নিউজ ডেস্ক: দুদিনের তিনসুকিয়া সফরে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবিষয়ে হিমন্ত বলেছেন, এমন এক অঞ্চল যা আগে উগ্রপন্থায় দীর্ণ ছিল, এখন উন্নয়ন যাত্রায় অংশ নিয়েছে।
তিনসুকিয়া সফরে চলতি পরিকাঠামো প্রকল্পের পর্যালোচনা করবেন হিমন্ত, বিভিন্ন পুর উদ্যোগের সূচনা করবেন এবং সরকারি প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষের মতামত জানবেন।
সমাজমাধ্যমে এই সফরের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, তিনসুকিয়ার দিকে যাওয়ার পথে তিনি এই জেলার রূপান্তর নিয়ে নিজের ভাবনা লিখে রেখেছেন। তিনি তিনসুকিয়াকে অসমের অন্যতম পূর্বাঞ্চলীয় এলাকা হিসেবে উল্লেখ করেন।
মুখ্যমন্ত্রী জানান, গুয়াহাটি থেকে প্রায় ৫০০ কিলোমিটার পূর্বে অবস্থিত এই জেলাটি একসময় উগ্রপন্থার কবলে থাকলেও, বর্তমানে তা বাণিজ্য ও সামাজিক সংহতির একটি কেন্দ্র হিসেবে গড়ে উঠছে।
সফরকালে মুখ্যমন্ত্রী বেশ কিছু নগর উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন। যার মধ্যে রয়েছে খেলার মাঠ, পাবলিক পার্ক, জলাশয়গুলোর সংস্কার এবং পুর পরিষেবা প্রদানের মান উন্নত করার লক্ষ্যে একটি মোবাইল অ্যাপ্লিকেশন। এ ছাড়া, ‘স্বচ্ছ সর্বেক্ষণ’ পরিচ্ছন্নতা সমীক্ষায় তিনসুকিয়ার ভালো পারফরম্যান্সের বিষয়টিও তিনি তুলে ধরেন।
দ্বিতীয় দিনে, মুখ্যমন্ত্রী ১,০০০ আসনবিশিষ্ট একটি অডিটোরিয়াম এবং আন্তঃরাজ্য বাস টার্মিনাসের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করবেন। এ ছাড়া তিনি জেলার প্রস্তাবিত মেডিক্যাল কলেজের স্থানটিও পরিদর্শন করবেন। এটি এই অঞ্চলে— এমনকি প্রতিবেশী অরুণাচল প্রদেশেও— স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
সফরসূচির মধ্যে রয়েছে একটি ‘অটো ক্লেভড এরিয়েটেড কংক্রিট’ ব্লক উৎপাদন কারখানার উদ্বোধন, যা কর্মসংস্থান সৃষ্টি করবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা জোগাবে। এরপর অসমের মুখ্যমন্ত্রী ‘মোরান স্পোর্টস কার্নিভাল’-এ অংশ নেবেন।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, তিনি উভয় দিনই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন, যাতে সরকারি নীতি সম্পর্কে সরাসরি মতামত নেওয়া যায় এবং তাঁদের বিভিন্ন সমস্যার সমাধান করা সম্ভব হয়।
জেলার পরিবর্তিত পরিস্থিতির কথা তুলে ধরে শর্মা বলেন, যে অঞ্চল একসময় হিংসার শিকার ছিল, তা এখন উন্নয়নের পথে এগিয়ে চলেছে।
Prev Post