কলকাতা বিমানবন্দরে ধৃত এক মহিলাকে সাত দিনের মধ্যে উত্তরপ্রদেশ আদালতে পেশ করার নির্দেশ কলকাতা হাইকোর্টের
পৃথা দাশগুপ্ত, কলকাতা: কলকাতা বিমানবন্দর থেকে ধৃত জয়নব আরা খাতুন। তাঁকে সাত দিনের মধ্যে উত্তরপ্রদেশ আদালতে পেশ করার নির্দেশ, কলকাতা হাইকোর্টের । দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশকে ।
উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের এক থানায় দায়ের হওয়া ফৌজদারি মামলার সঙ্গে ওই মহিলা যুক্ত বলে অভিযোগ। তবে পশ্চিমবঙ্গের কোনও মামলায় তিনি অভিযুক্ত কিনা তাঁর তথ্য আদালতে জমা দিতে পারেনি রাজ্য।
জয়নব আরা খাতুন কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হন। উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর ৫৮ থানায় ২০২০ সালের ২৪ ডিসেম্বর দায়ের হওয়া একটি এফআইআরের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। এরপর থেকেই তিনি পুলিশি হেফাজতে।
এই গ্রেফতারির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ওই মহিলা। পাশাপাশি, তাঁর শারীরিক অবস্থার অবনতির বিষয়টিও আদালতের নজরে আনা হয়েছে।
সব দিক বিবেচনা করে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, তাঁকে অবিলম্বে উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের সংশ্লিষ্ট আদালতে পেশ করতে হবে। উত্তরপ্রদেশ পুলিশ উপস্থিত না থাকলে পশ্চিমবঙ্গ পুলিশকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পুরো প্রক্রিয়া সাত দিনের মধ্যে শেষ করার নির্দেশ ডিভিশন বেঞ্চের। সুপ্রিম কোর্টের একটি নির্দেশের পরিপ্রেক্ষিতেই এই মামলার শুনানি হয়েছিল।
শুনানিতে রাজ্যের তরফে ওই মহিলার বিরুদ্ধে মোট ১৩টি মামলার কথা উল্লেখ করা হলেও ওই ১৩টি মামলাই উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের সেক্টর ৫৮ থানার সঙ্গে সম্পর্কিত। ফলে আগামী সাত দিনের মধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশ পালন করতে হবে পশ্চিমবঙ্গ পুলিশকে।