বিসলেরির জলে ক্যানসারের উপাদান!

20

নিউজ ডেস্ক: বিসলেরির পানীয় জলের নমুনায় পাওয়া গেছে ক্যানসার সৃষ্টিকারী উপাদান! বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করছে ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ (এফএসএসএআই)। বিসলেরির জলের দ্বিতীয়বার পরীক্ষার পরও প্যাকেটজাত পানীয় জলের নমুনা নিরাপদ নয় বলে দেখা গেছে।
এদিকে, বোতলজাত পানির শীর্ষস্থানীয় কোম্পানি বিসলেরি জানিয়েছে যে, তাদের প্যাকেটজাত পানীয় জল পানের জন্য নিরাপদ।
বিসলেরির বোতলজাত জলের একটি ব্যাচে ব্রোমেট নামক রাসায়নিক যৌগের মাত্রা অনেক বেশি পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে; এই যৌগটি মানুষের শরীরে ক্যানসার সৃষ্টির কারণ হতে পারে। তবে বিসলেরি এই ফলাফলকে চ্যালেঞ্জ করেছে। তাদের দাবি, এফএসএসএআই-এর অনুমোদিত একটি ল্যাবরেটরিতে স্বাধীনভাবে জলের নমুনা পরীক্ষা করা হলে দেখা যায়, সেখানে ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যেই রয়েছে।
এক বিবৃতিতে বিসলেরি জানিয়েছে, বিষয়টি তাদের গোয়া উৎপাদন কেন্দ্রে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে তৈরি একটি ব্যাচের সঙ্গে এই ঘটনা সম্পর্কিত। সংস্থা জোর দিয়ে বলেছে যে, স্বাধীন পরীক্ষায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার ভেতরেই পাওয়া গেছে।
বিসলেরির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর এফএসএসএআই তাদের গোয়ার উৎপাদন কেন্দ্র থেকে ছয়টি নমুনা সংগ্রহ করে।
প্রাথমিক পরীক্ষায় দেখা যায়, পাঁচটি নমুনা সব ধরনের মানদণ্ড পূরণ করেছে, তবে ষষ্ঠ নমুনায় ব্রোমেটের মাত্রা পাওয়া গেছে প্রতি লিটারে ১২ মাইক্রোগ্রাম— যা নির্ধারিত সীমা (প্রতি লিটারে ১০ মাইক্রোগ্রাম)-র চেয়ে বেশি।
বিসলেরি জানায়, তারা এই ফলাফলের বিরুদ্ধে ২০২৫ সালের ২২ নভেম্বর আপিল করে। এরপর এফএসএসএআই নমুনাটি পুনরায় পরীক্ষার জন্য একটি রেফারেল ল্যাবরেটরিতে পাঠায়।
বিসলেরির ভাষ্য অনুযায়ী, রেফারেল ল্যাবরেটরির পরীক্ষায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যেই পাওয়া যায়, তবে সেখানে পলি-নিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন-এর উপস্থিতির বিষয়টি আলাদাভাবে উল্লেখ করা হয়।
বিসলেরি জানায়, পরবর্তীতে তারা একই নমুনা এফএসএসএআই-অনুমোদিত অন্য একটি ল্যাবরেটরিতে স্বাধীনভাবে পরীক্ষা করায়, সেখানেও ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যেই পাওয়া যায়।
বিসলেরি বলেছে যে, পানীয় জলের নিরাপত্তা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। তারা তাদের ১০-ধাপের উৎপাদন প্রক্রিয়ায় ৯০টিরও বেশি পরীক্ষার মাধ্যমে কঠোর মান নিয়ন্ত্রণ বজায় রাখে। বহু বছর ধরে একটি বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে, বিসলেরি এখনও পানের জন্য সম্পূর্ণ নিরাপদ।
খাদ্য নিরাপত্তা ও মান আইন, ২০০৬-এর আওতায় প্যাকেজড পানীয় জলের একটি নমুনা পরীক্ষাগারে অনিরাপদ বলে প্রমাণিত হওয়ার পর, বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার অনুমোদন দিয়েছে এফএসএসএআই।
বিসলেরি ইন্টারন্যাশনাল ছাড়া, বসন্ত মশলা প্রাইভেট লিমিটেড, টিট-বিট ফুডস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং মীমাংসা ইন্ডাস্ট্রিজ-সহ আরও বেশ কয়েকটি সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করেছে এফএসএসএআই। এসব সংস্থার বিরুদ্ধে মামলা করার অনুমোদনও দেওয়া হয়েছে। নিয়মকানুন মেনে চলতে ব্যর্থ হওয়ায় ঊর্মি লাইফসায়েন্সেস এলএলপি এবং গৌড় আয়ুর্বেদিক স্টোরের লাইসেন্স স্থগিত করা হয়েছে।