নিউজ ডেস্ক: ভারতের আর্থসেন্স ল্যাবস স্যাটেলাইট চিত্র পর্যালোচনা করে তিব্বতের মেইনলিং এলাকায় জমি পরিষ্কার, নতুন প্রবেশপথ নির্মাণ এবং নদীপথ পরিবর্তনের সম্ভাব্য কাজের ইঙ্গিত দিয়েছে। এই মেইনলিং এলাকাতেই চিন আনুষ্ঠানিকভাবে তাদের বিশাল ‘মেডোগ জলবিদ্যুৎ প্রকল্প’ শুরু করেছে। নদীপ্রবাহ পরিবর্তন হলে অরুণাচল প্রদেশ ও অসমের ভাটির দিকের নদীপ্রবাহ, পলি চলাচল এবং স্থানীয় জনবসতির ওপর গুরুতর প্রভাব পড়বে।
চিনের বিশাল জলবিদ্যুৎ প্রকল্প ইয়ারলুং সাংপো নদীর ভাটির দিকে গড়ে তোলা হচ্ছে। এই নদী অরুণাচল প্রদেশে ‘সিয়াং’ নামে ভারতে প্রবেশ করে এবং পরে অসমে ঢুকে ‘ব্রহ্মপুত্র’ নাম ধারণ করে প্রবাহিত হয়। ৬০,০০০ মেগাওয়াট ক্ষমতার এই প্রকল্পে পর্যায়ক্রমে পাঁচটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির জন্য আনুমানিক ১.২ ট্রিলিয়ন ইউয়ান— যা ঘোষণার সময়কার বিনিময় হার অনুযায়ী প্রায় ১৬৮ বিলিয়ন মার্কিন ডলারের সমান— বিনিয়োগ করা হবে জানিয়েছে চিন।
চিন বরাবরই দাবি করে আসছে যে, এই প্রকল্প তিব্বত ও দেশের অন্যান্য অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করবে এবং এর ফলে ভাটি অঞ্চলগুলোতে জলের প্রাপ্যতা খুব একটা প্রভাবিত হবে না।
আর্থসেন্স ডিসকভারি রিপোর্ট জানিয়েছে, মেইনলিং এলাকার স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, প্রস্তাবিত বাঁধের উজানে নদীর দক্ষিণ তীরে বসতি ও কৃষি এলাকায় জমি পরিষ্কার করা হয়েছে। এ ছাড়া, নদীর উত্তর তীরে একটি নতুন নির্মাণাধীন প্রবেশপথ এবং নদীকে ভিন্ন পথে প্রবাহিত করার সম্ভাব্য কাজও শনাক্ত করা হয়েছে।
নদীকে ভিন্ন পথে প্রবাহিত করা বড় বাঁধ নির্মাণের একটি সাধারণ প্রক্রিয়া, মূল বাঁধের কাঠামোর কাজ সহজ করার জন্য সাময়িকভাবে নদীর গতিপথ পরিবর্তন করা হয়।
আর্থসেন্স ল্যাবস-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও নির্দেশ কুমার শর্মা জানান, স্যাটেলাইট চিত্র এবং নথিপত্র বিশ্লেষণ করে তারা পাই ও শিরাং-কে এই প্রকল্পের সম্ভাব্য আরও দুটি বাঁধের স্থান হিসেবে চিহ্নিত করেছেন।
প্রস্তাবিত জলবিদ্যুৎ কমপ্লেক্সে নামচা বারওয়া পর্বত-সংকীর্ণ অঞ্চলের নীচ দিয়ে সুড়ঙ্গ থাকতে পারে, যার মাধ্যমে ইয়ারলুং সাংপো নদীর বড় বাঁক অংশের জল ভিন্ন পথে প্রবাহিত করা হবে। চিন আনুষ্ঠানিকভাবে মেইনলিংকে এই প্রকল্পের সূচনাস্থল হিসেবে উল্লেখ করলেও, পাই ও শিরাং-এর অবস্থান এবং প্রস্তাবিত সুড়ঙ্গের নকশাটি আর্থসেন্স ল্যাবস-এর বিশ্লেষণের ওপর ভিত্তি করে নির্ণয় করা হয়েছে।
আইআইটি দিল্লির ফাউন্ডেশন ফর ইনোভেশন অ্যান্ড টেকনোলজি ট্রান্সফার-এর অধীনে ‘আর্থসেন্স ল্যাবস’ একটি ডিপ-টেক সংস্থা, যা গুরুত্বপূর্ণ পরিকাঠামোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ‘ডিজিটাল টুইন’ তৈরি করে থাকে।
নিম্ন অববাহিকায় সম্ভাব্য প্রভাব
এই প্রকল্পের কাজের পরিধি ও পদ্ধতি অরুণাচল প্রদেশ এবং অসমের নদীপ্রবাহের ওপর, বিশেষ করে শুষ্ক মরশুমে, প্রভাব ফেলতে পারে।
আর্থসেন্স ল্যাবস-এর তথ্য অনুযায়ী, জলাধার পূর্ণ করার সময়কাল এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য জল ছাড়ার প্রক্রিয়াটি সিয়াং নদীর স্বাভাবিক প্রবাহের ধরনকে বদলে দিতে পারে। এ ছাড়া, প্রস্তাবিত জলবিদ্যুৎ কেন্দ্রগুলোর ধারাবাহিক কাঠামো নদীর তলদেশ দিয়ে অসমের প্লাবনভূমির দিকে বয়ে যাওয়া পলিমাটির একটি অংশকে আটকে ফেলতে পারে।
তবে এই প্রভাব কতটা তীব্র হবে, তা নির্ভর করবে বেশ কিছু বিষয়ের ওপর, যেমন প্রকল্পের জলাধারে জলধারণ ক্ষমতা, জল ছাড়ার সময়সূচি এবং নদীর ভাটির দিকে যুক্ত হওয়া উপনদীগুলোর অবদানের ওপর।
এই উদ্বেগ এমন একটি অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা অতীতে উজানের দিকে জলপ্রবাহের আকস্মিক পরিবর্তনের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যার সাক্ষী হয়েছে।
২০০০ সালে তিব্বতে বিশাল ভূমিধসের ফলে ইয়ারলুং সাংপো নদীর উপনদী ইগং নদীর গতিপথ অবরুদ্ধ হয়ে পড়ে এবং একটি অস্থায়ী প্রাকৃতিক বাঁধ তৈরি হয়। পরে সেই বাঁধ ভেঙে গেলে বিপুল পরিমাণ জল অরুণাচল প্রদেশের দিকে ধেয়ে আসে এবং শেষ পর্যন্ত ব্রহ্মপুত্রের প্লাবনভূমিতে গিয়ে পৌঁছয়।
এই ঘটনা নদী পরিস্থিতি এবং উজানের সম্ভাব্য দুর্যোগের বিষয়ে আন্তঃসীমান্ত তথ্য আদান-প্রদানের সীমাবদ্ধতা থেকে সৃষ্ট ঝুঁকিকে সামনে নিয়ে এসেছে।
জলবিদ্যুৎ সংক্রান্ত তথ্যের প্রাপ্যতা নিয়ে ভারতের উদ্বেগও দীর্ঘস্থায়ী হয়েছে। ২০২৫ সালে কেন্দ্রীয় সরকার সংসদে জানিয়েছিল যে, দ্বিপাক্ষিক তথ্য আদান-প্রদান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর, ২০২৩ সালের জুন মাস থেকে চিন ব্রহ্মপুত্র নদের জলবিদ্যুৎ সংক্রান্ত তথ্য দেওয়া বন্ধ করে দিয়েছে। এরপর ভারত বিষয়টি বেইজিংয়ের নজরে আনে এবং তথ্য আদান-প্রদান পুনরায় শুরু করার আহ্বান জানায়।
প্রস্তাবিত সিয়াং বাঁধের বিরোধিতা
অরুণাচল প্রদেশে প্রস্তাবিত ১১,২০০ মেগাওয়াট ক্ষমতার সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট-এর বিরুদ্ধে চলমান বিরোধিতার মধ্যেই স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য সামনে এসেছে। এই প্রকল্পের প্রাক্-সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পরিচালিত সমীক্ষা ও ড্রিলিং কর্মসূচির প্রতিবাদ হচ্ছে সিয়াং অঞ্চলে।
অরুণাচল সরকারের দাবি, প্রস্তাবিত জলাধার উজানের দিক থেকে আসা জলপ্রবাহে আকস্মিক পরিবর্তন নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। এ ছাড়া, চিনের জলবিদ্যুৎ প্রকল্পের কারণে ভাটি অঞ্চলে যে সম্ভাব্য প্রভাব পড়তে পারে, তার বিরুদ্ধে এটি সুরক্ষাকবচ হিসেবেও কাজ করবে।
তবে আদিবাসী আদি সম্প্রদায় এই প্রকল্পের বিরোধিতা করছে। তাদের উদ্বেগের মধ্যে রয়েছে— জনগোষ্ঠীর বাস্তুচ্যুতি, জমি হারানো এবং ঐতিহ্যবাহী জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব।
সিয়াং ইন্ডিজেনাস ফার্মার্স ফোরাম-এর অভিযোগ, সমীক্ষা শুরুর আগে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের সঙ্গে যথাযথ আলোচনা করা হয়নি।
এই প্রকল্পের বিরোধিতার জেরে ২৩ অক্টোবর পাসিঘাটে বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে তা হিংস্র রূপ নিলে সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতি হয় এবং বেশ কয়েকজন পুলিশ আহত হন। তখন বিক্ষোভকারীদের ১৯ জনকে গ্রেফতার করা হয়েছিল।
এই ঘটনা সিয়াং নদীতে জলবিদ্যুৎ পরিকাঠামো নির্মাণের সঙ্গে জড়িত পরস্পর বিরোধী উদ্বেগকে নতুন করে সামনে নিয়ে এসেছে। অরুণাচল সরকার প্রস্তাবিত জলাধারকে উজানের জল-সংক্রান্ত ঝুঁকির বিরুদ্ধে একটি সম্ভাব্য সুরক্ষা ব্যবস্থা হিসেবে দেখছে, উলটোদিকে স্থানীয় সম্প্রদায় এর সামাজিক ও পরিবেশগত মূল্য নিয়ে প্রশ্ন তুলেছে।