অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট

5

পৃথা দাশগুপ্ত: ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আপাতত স্বস্তি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিন থানায় দায়ের হ‌ওয়া মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চের নির্দেশ, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত তিন মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশ কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না।

আদালতের নির্দেশ ছিল, তিনটি এফআইআর-এ রক্ষাকবচ থাকলেও তদন্তে সহযোগিতা করতে হবে সাংসদকে। গত ২০ নভেম্বর ডিজে মামলায় ২৯ জানুয়ারি পর্যন্ত রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করেছে কলকাতা হাইকোর্ট। তবে বিচার ব্যবস্থা প্রসঙ্গে আপত্তিকর মন্তব্য করায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিরস্কার‌ও করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

‘সেবাশ্রয়’ প্রকল্পের বেনিয়মের অভিযোগে ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর ও রবীন্দ্রনগর থানায় দায়ের হওয়া মামলায় তদন্ত চলছে। সঙ্গে ভবানীপুর থানা ও দক্ষিণ ২৪ পরগনার কালীতলা ও বিষ্ণুপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল‌। সেই মামলাতেও রক্ষাকবচের মেয়াদ ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছে বিচারপতি ভট্টাচার্যের বেঞ্চ। গত ২৫ আগস্ট এই তিন মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিয়েছিলেন বিচারপতি ভট্টাচার্য। সেই রক্ষাকবচের মেয়াদ শেষ হবে ৩০ নভেম্বর। তার আগেই আজ এই নির্দেশ ।