পৃথা দাশগুপ্ত কলকাতা: আজ গুরু নানকের জন্মদিন । সেই জন্মজয়ন্তী উপলক্ষে ডানকুনিতে গুরুদ্বারায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তিনি ঘোষণা করেন, গুরু নানকের নামে ভবন তৈরি হবে।
পাশাপাশি তিনি আরও বলেন, ‘বাংলায় যদি হজ ভবন তৈরি হতে পারে, তাহলে কেন গুরু নানকের নামে ভবন তৈরি হবে না?’
গুরুদ্বারায় গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “প্রকাশ পরবের দিন প্রণাম করতে আজ এখানে এলাম। আমার সঙ্গে মন্ত্রী উমেশ রাই আছেন। এই গুরুদ্বারার সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক। আপনারা সুযোগ দিয়েছেন আমি বার বার এসেছি। ১৪ নভেম্বর কলকাতায় বড়বাজার গুরুদ্বারাতে গিয়েছিলাম। ”
এরপরই শিখ ধর্মাবলম্বীদের নিজের ‘আত্মীয়’ হিসেবে তকমা দিয়ে তাঁদের জন্যও পরিকল্পনার কথা জানান। মুখ্যমন্ত্রী বলেন, “এখানে কমিউনিটি হল তৈরি করা হবে। আপনাদের উন্নতি কল্পে এখানে কাজ হবে। বড় জমি এটা খুব গুরুত্বপূর্ণ সেবা কেন্দ্র এটা। ন্যাশনাল হাইওয়ে নিয়ে একটা সমস্যা আছে, সেটা কথা হলে মিটিয়ে নেওয়া হবে।”
গুরু নানকের নামে ভবন তৈরির ঘোষণা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “গুরু নানকজির নামে তৈরি করা হবে ভবন। তার থেকে বড় প্রাপ্তি আর কিছু নেই।”
বিগত তৃণমূল সরকারকে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেন, “আগের সরকার একটা সম্প্রদায়কে সংখ্যালঘু হিসেবে স্বীকৃতি দিত। কিন্তু আমাদের সরকার সকলকে সমমর্যাদা দেয়। শিখ-জৈন সকলেই সংখ্যালঘু তাদের উন্নতিতে কাজ হবে।”