লাচিত বরফুকনকে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর

21

নিউজ ডেস্ক: কিংবদন্তি আহোম সেনাপতি লাচিত বরফুকনের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমে এই দিনটি ‘লাচিত দিবস’ হিসেবে পালিত হয়। মুঘল বাহিনীর হাত থেকে এই অঞ্চলকে রক্ষা করার ক্ষেত্রে লাচিত বরফুকনের নেতৃত্ব ও বীরত্বের ভূয়সী প্রশংসা করেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, মাতৃভূমির প্রতি লাচিত বরফুকনের সাহস ও নিষ্ঠা, বিশেষ করে ১৬৭১ সালের ঐতিহাসিক শরাইঘাটের যুদ্ধে, আজও প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।
সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী বলেন, অসমকে রক্ষা করার ক্ষেত্রে লাচিত বরফুকনের দৃঢ় সংকল্প ও নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং তা অসমের জনগণের শক্তি ও অদম্য মানসিকতার প্রতিফলন ঘটায়।
মোদী বলেন, লাচিত দিবসে আমরা মহান লাচিত বরফুকনকে শ্রদ্ধা জানাই, যাঁর সাহস ও দৃঢ় সংকল্প অসমকে রক্ষা করতে সাহায্য করেছিল। তাঁর অসাধারণ নেতৃত্ব এবং জনগণের প্রতি তাঁর নিষ্ঠা আজও প্রজন্মকে অনুপ্রাণিত করে; পাশাপাশি তা অসমের শক্তি ও অদম্য মানসিকতার কথা স্মরণ করিয়ে দেয়।
প্রধানমন্ত্রী আরও স্মরণ করেন যে, কীভাবে লাচিত বরফুকন আহোম বাহিনীকে নেতৃত্ব দিয়ে মোঘলদের হাত থেকে গুয়াহাটি পুনরুদ্ধার করেছিলেন।
মোদী বলেন, আমি অসমের এই মহান ভূমির প্রতি নতি জানাই, যা মা ভারতীকে লাচিত বরফুকনের মতো এক অদম্য বীর উপহার দিয়েছে। তিনি আরও যোগ করেন যে, মোঘলরা গুয়াহাটি দখলের জন্য তাদের পূর্ণ সামরিক শক্তি প্রয়োগ করেছিল, কিন্তু লাচিত বরফুকন সফলভাবে শহরটিকে তাদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করেছিলেন।
মোদী আরও বলেন যে, মোঘল সম্রাট আওরঙ্গজেব পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন।
১৬৭১ সালে গুয়াহাটির কাছে সংঘটিত শরাইঘাটের যুদ্ধে বরফুকনের নেতৃত্বের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, আহোম সেনাপতি যেভাবে রাষ্ট্রকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন, তা নিশ্চয়ই তাঁর সেনাবাহিনীর একেবারে সাধারণ সৈনিকদের মনোবলও বহুগুণ বাড়িয়ে দিয়েছিল।
মোদী বলেন, এই মনোবলই হল বিজয়ের ভিত্তি। তিনি আরও যোগ করেন যে, রাষ্ট্রকে সবার আগে রাখার সেই একই চেতনা আজও দেশের অগ্রগতিকে পথ দেখাচ্ছে।
লাচিত বরফুকন ১৬২২ সালের ২৪ নভেম্বর জন্মগ্রহণ করেন এবং আহোম রাজ্যের রাজকীয় সেনাবাহিনীর সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। শরাইঘাটের যুদ্ধে তিনি নির্ণায়ক ভূমিকা পালন করেন। সেই যুদ্ধে আহোম বাহিনী মোঘলদের পরাজিত করে এবং অসমে তাদের বিস্তার রোধ করে।
তাঁর সামরিক নেতৃত্ব ও কৌশলগত পরিকল্পনা আহোম রাজ্যের সার্বভৌমত্ব রক্ষায় সহায়তা করেছিল, যখন মোঘলরা বারবার এই অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়েছিল। ১৬৭২ সালের ২৫ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।
আহোম রাজ্যের ইতিহাসে তাঁর অবদান এবং রাজ্য রক্ষায় তাঁর ভূমিকার প্রতি সম্মান জানিয়ে, প্রতি বছর তাঁর জন্মবার্ষিকী অসমে ‘লাচিত দিবস’ হিসেবে পালন করা হয়।