তোলাবাজির অভিযোগে গ্রেফতার রাইজর দলের প্রাক্তন নেতা২১ লাখ টাকা প্রতারণার অভিযোগ

29

নিউজ ডেস্ক: অসমের মৎস্য দফতরে সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে এবং ভুয়ো নিয়োগপত্র দিয়ে বেশ কয়েকজন চাকরিপ্রার্থীর কাছ থেকে মোট ২১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অনুসূচিত জাতি যুব-ছাত্র পরিষদ-এর সভাপতি রুবুল দাসকে গ্রেফতার করেছে দিশপুর পুলিশ।
২০২১ অসম বিধানসভা নির্বাচনে রুবুল দাস রহা কেন্দ্র থেকে রাইজর দলের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দিশপুর পুলিশ ও চাঁদমারি পুলিশের যৌথ অভিযানে বামুনিমৈদামের একটি বহুতলের ফ্ল্যাট থেকে রুবুল দাসকে গ্রেফতার করা হয়।
ভুক্তভোগীদের একজনের অভিযোগ অনুযায়ী, মৎস্য দফতরে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রুবুল দাস ১০ লাখ টাকা নিয়েছিলেন। টাকা নেওয়ার পর তিনি ওই চাকরিপ্রার্থীর হাতে একটি ভুয়ো নিয়োগপত্র তুলে দেন বলে অভিযোগ।
এরপর দিশপুর থানায় একটি এফআইআর করা হয়। পুলিশ তদন্ত শুরু করে এবং রুবুল দাসকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর রুবুল দাসের বাসভবনে তল্লাশি চালিয়ে পুলিশ বেশকিছু সন্দেহজনক নথিপত্র, সিল এবং স্ট্যাম্প উদ্ধার করেছে, যা চাকরি জালিয়াতির কাজে ব্যবহৃত হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।
তদন্তে নগাঁওয়ের আরও দুই যুবকের— জ্যোতি লস্কর ও কৃষ্ণমণি মেধি— জড়িত থাকার অভিযোগ উঠে এসেছে। অভিযোগ যে, সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রুবুল দাস তাঁদের প্রত্যেকের কাছ থেকে নগদ অর্থ ও ব্যাংক লেনদেনের মাধ্যমে ৫.৫ লক্ষ টাকা করে হাতিয়ে নিয়েছিলেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাঁদের উভয়কেই ভুয়ো নিয়োগপত্র দেওয়া হয়েছিল বলে জানা গেছে।
এই জালিয়াতি চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং একই ধরনের প্রতিশ্রুতি দিয়ে অন্য চাকরিপ্রার্থীদেরও প্রতারিত করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এই গ্রেফতারের ঘটনাটি ২০২১-২২ সালে আসাম ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশনের নিয়োগ সংক্রান্ত বিতর্ককে পুনরায় সামনে নিয়ে এসেছে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কর্তৃপক্ষের তদন্তের ভিত্তিতে তখন আসাম সিভিল সার্ভিসের এক কর্তা ও কর্পোরেশনের সাত কর্মীকে গ্রেফতার করা হয়েছিল।