‘সাধক বামাক্ষ্যাপার শো চালাতেই হবে সিনেমা হল গুলিতে’, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

7

পৃথা দাশগুপ্ত: শুক্রবার, ২৭ নভেম্বর মুক্তি পাচ্ছে যশরাজ ফিল্মস প্রযোজিত ‘ইয়ে প্রেম মোল লিয়া’। যার জেরে এই সপ্তাহের পর হলগুলো থেকে সরিয়ে নেওয়া হবে ‘সাধক বামাক্ষ্যাপা’র শো। তাই নিয়ে সরব এই ছবির কলা কুশলীরা। আজ এই ইস্যুতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন টলিপাড়ার শিল্পীরা।

মুক্তি পাওয়ার তিন দিনের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল এই সিনেমা। একাধিক হলে ‘হাউসফুল’ শো চলেছে। সেখানে হিন্দি ছবির মুক্তির জন্য কেন তুলে নেওয়া হবে ‘সাধক বামাক্ষ্যাপা’- র শো প্রশ্ন উঠেছিল সোমবার থেকেই। মঙ্গলবার দুপুরে নবান্নে হল-মাল্টিপ্লেক্সের মালিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বৈঠকে উপস্থিত ছিলেন টলিপাড়ার প্রযোজক, পরিচালক, সিনেপরিবেশক-সহ তারকাদের অনেকেই। রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তদের পাশাপাশি সিনে পরিবেশক শতদীপ সাহা, হলমালিক অরিজিৎ দত্তরাও। অন্যদিকে ভার্চুয়ালি মিটিংয়ে যোগ দেন মিঠুন চক্রবর্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মিটিংয়ে হল মালিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “সাধক বামাক্ষ্যাপার শো বন্ধ করা যাবে না।প্রাইম টাইমে চালাতেই হবে এই সিনেমা”।

মুখ্যমন্ত্রীর বৈঠকে মূলত আলোচ্য বিষয় ছিল, প্রেক্ষাগৃহে বিভিন্ন জায়গায় বাংলা সিনেমা বেশি সময় ধরে রাখা যায় এবং সেখানে যাতে অন্য ভাষার সিনেমা জোর করে আনা না হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে, সিনেমা হলগুলিতে বেশি সময় ধরে বাংলা সিনেমা প্রদর্শিত হবে। এবং সেটা যদি প্রদর্শিত না হয়, তাহলে সেই সিনেমা হলের যিনি মালিক এবং তাঁদের পরিচালনা সমিতির যারা আছেন, তাঁদের কাছে রাজ্য সরকারের চিঠি দেবে। তারা সেই দাবি না মানলে লাইসেন্স বাতিল পর্যন্ত হতে পারে এমনটাই জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে খবর সুত্রের।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এবং মিঠুন চক্রবর্তী, তাঁদেরকে নিয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে। বাংলা সিনেমা চালাতে হল মালিকদের আপত্তি কোথায়, কেন তারা প্রাইম টাইমে বাংলা সিনেমা চালাতে চায় না, তা নিয়ে, রাজ্য সরকারকে বিস্তারিত রিপোর্ট দেবে এই কমিটি। সেই রিপোর্ট অনুযায়ী পদক্ষেপ করবে রাজ্য সরকার। এছাড়াও ৫১ টি সিনেমা হল , যেগুলি রাজ্য সরকার প্রত্যক্ষভাবে উন্নতি করবে এবং সেখানে বাংলা সিনেমা দেখানো হবে। প্রায় ৭০ টি বিনোদন মূলক জায়গা রয়েছে যেগুলিকে প্রেক্ষাগৃহে পরিবর্তিত করা হবে বাংলা সিনেমা প্রদর্শনীর জন্য। তথ্য সংষ্কৃতি দফতরের তরফ থেকে উদ্যোগ নেওয়া হবে বলেও এই বৈঠকে জানানো হয়েছে। মিটিং থেকে বেরিয়ে আত্মবিশ্বাসী প্রযোজক, পরিচালক, সিনেপরিবেশক সকলেই।