নিউজ ডেস্ক: ফের গণধর্ষণ দেশের রাজধানী দিল্লিতে। পূর্ব দিল্লির একটি রেস্তোরাঁয় বেশি রাতের পার্টির পর গণধর্ষণের অভিযোগ করেন এক ২২ বছরের তরুণী। তাঁর অভিযোগের প্রেক্ষিতে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ, এর মধ্যে দুজন মহিলা। পুলিশ জানিয়েছে, আরও তিনজনের খোঁজে তল্লাশি চলছে।
নির্যাতিতা মহিলা এবং অভিযুক্তরা কারকারদুমার ক্রস রিভার মলে অবস্থিত ‘ক্যাফে ৮’-এ কাজ করতেন।
সোমবার রাতে, ওই তরুণী সহ আটজন একটি পার্টির জন্য প্রীত বিহারের ‘সালতানাত ক্যাফে’-তে একত্রিত হন।
সাধারণত রাত ১১টা ৩০ মিনিটে ক্যাফেটি বন্ধ হয়ে যায়, তবে কর্মীদের একজনের কাছে চাবি থাকায় তারা গভীর রাতে ক্যাফেটি পুনরায় খুলে পার্টি চালিয়ে যান।
সেখানে তাঁরা মদ্যপান করেন এবং ভোর সাড়ে ৩টার দিকে ক্যাফে থেকে বেরিয়ে যান। এরপরই ওই মহিলা অভিযোগ করেন যে, দুই ব্যক্তি তাকে ধর্ষণ করেছে এবং তাদের অন্যান্য সহকর্মী এতে সহায়তা করেছে।
পুলিশ চার পুরুষ ও দুই মহিলার বিরুদ্ধে এফআইআর করেছে। অভিযুক্তদের মধ্যে দুই মহিলা সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি তিনজনকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, অভিযোগকারী তরুণী এক পুরুষ বন্ধু ও আরও দুই মহিলার সঙ্গে একটি গাড়িতে করে সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে তিনি থানায় পৌঁছে অভিযোগ দায়ের করেন।
গত কয়েক মাসে দিল্লি এবং সংলগ্ন এলাকায় একের পর এক ধর্ষণ এবং গণধর্ষণের অভিযোগ উঠেছে। কখনো পার্কে পুলিশের পরিচয়ে, কখনও চলন্ত বাসে নাবালিকাদের নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ২০১২ সালের নির্ভয়াকাণ্ডের সঙ্গে তুলনা টানে সুপ্রিম কোর্টও।