শহরের সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় নামল

5

পৃথা দাশগুপ্ত: অপেক্ষার অবসান। ২০-র নীচে নামল কলকাতার পারদ। শহরের সর্বনিম্ন তাপমাত্রা একধাক্কায় ৩.২ ডিগ্রি কমে ১৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছল। শহরজুড়ে এখন মনোরম আবহাওয়া। ঘূর্ণিঝড় আকভানের রেশ পুরোপুরি কেটে গেছে।‌ রাজ্যে অবাধে ঢুকছে উত্তুরে হাওয়া। গত তিন সপ্তাহে তিনটি ঘূর্ণিঝড়ের জেরে আটকে ছিল উত্তুরে হাওয়া। বাতাসে জলীয় বাষ্প কমতেই জোর বেড়েছে উত্তুরে-পশ্চিমী শীতল হাওয়ার দাপট। হাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহান্তে রাজ্যে শীতের আমেজ আরও বাড়বে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। পাশাপাশি রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ ১৫ ডিগ্রির ঘরে নামার সম্ভাবনা রয়েছে।

উত্তর-পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত আসামের দিকে সরে যাচ্ছে।মধ্যপ্রদেশ, আসাম এবং কেরলমে রয়েছে ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গে আজ সব জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। একইসঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে, আরো কিছুটা কমতে পারে। শীতের আমেজ বাড়বে পশ্চিমের জেলাগুলিতে বেশি। উত্তরবঙ্গে তাপমাত্রা কমে যাওয়ায় সকাল থেকেই কুয়াশা। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা। পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি। দৃশ্যমানতা কোথাও কোথাও ২০০ মিটারে নেমে আসতে পারে। ঢুকছে উত্তরে হওয়া। আজ পুরোপুরি শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা।
গত ২৪ ঘন্টায় তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে কলকাতায়। সর্বনিম্ন তাপমাত্রার পতনে মনোরম আবহাওয়া। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.০ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৮ থেকে ৯৭ শতাংশ।