মজুরি বৃদ্ধির পরও বিক্ষোভ পোশাক শ্রমিকদের

23

নিউজ ডেস্ক: বাংলাদেশে পোশাক কারখানার শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করার পরও আন্দোলন থামেনি।
বুধবার সকালে সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করতে দেখা গেছে শ্রমিকদের। এর মধ্যে সাভারের হেমায়েতপুরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারী শ্রমিকদের সংঘর্ষ হয়েছে।
বেতন আরও বাড়ানোর দাবিতে বুধবার সকালে সাভারের হেমায়েতপুরে সড়ক অবরোধের চেষ্টা করেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছুড়তে থাকে।
পরে কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার পাশাপাশি বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।
অন্যদিকে, সকালে আশুলিয়া ও গাজীপুরের আরও বেশকিছু কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসেন বলে জানা যাচ্ছে। সেখানেও পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
এ অবস্থায় সাভার ও গাজীপুরের ৩৫টি কারখানায় কাজ বন্ধ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে, সকালে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে যান চলাচল ব্যাহত হয়।
সাভারের হেমায়েতপুরের পর গাজীপুরেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারী পোশাক শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার সকালে শহরের মালেকের বাড়ি এলাকায় দু’পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছুড়তে দেখা গেছে বিক্ষোভকারীদের। পরে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
এই অবস্থায় জেলার অন্তত ৫০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বুধবার সকাল আটটার পর থেকে জেলার বিভিন্ন এলাকায় রাস্তায় নেমে আসে শ্রমিকরা। তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ সড়কের বিভিন্ন অংশে অবরোধ করেন। এতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক যানজট সৃষ্টি হয়।
বাংলাদেশে তৈরি পোশাক কারখানার মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে দফায় দফায় বৈঠক হওয়ার পর শেষ পর্যন্ত শ্রমিকদের ন্যূনতম মজুরি আগের চেয়েছে সাড়ে চার হাজার টাকা বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে নিম্নতম মজুরি বোর্ডের সভায় ভোটাভুটির মাধ্যমে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়।
বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকা ন্যূনতম মজুরির পক্ষে ভোট দেন।
নতুন ঘোষণা অনুযায়ী, চারটি গ্রেডের মধ্যে পোশাক কারখানায় কাজ করা সবচেয়ে নীচের গ্রেডের শ্রমিক, তথা হেল্পার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্টদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হয়েছে।
আর তৃতীয় গ্রেড, মানে কারখানার জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার ও ট্যাগিংম্যানদের মজুরি বেড়ে হয়েছে ১৯ হাজার ২০০ টাকা। আগে তাদের মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা।
অন্যদিকে, সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটরসহ দ্বিতীয় গ্রেডের শ্রমিকদের মজুরি বেড়ে ২০ হাজার টাকা করা হয়েছে। এই গ্রেডে তারা আগে মজুরি পেতেন ১৪ হাজার ২৭৩ টাকা।
আর প্রথম গ্রেডে থাকা সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার ও সিনিয়র ডাইং অপারেটরদের মজুরি ২১ হাজার ৫০০ টাকা ঘোষণা করা হয়েছে। তারা আগে মজুরি পেতেন ১৫ হাজার ৩৫ টাকা।