নিউজ ডেস্ক: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে বক্তৃতা করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল ককরোচ জনতা পার্টির নেতা সৌরভ দাসকে। সোমবার রাত ১টায় লন্ডনগামী বিমানে উঠতে বিমানবন্দরে গিয়েছিলেন সৌরভ দাস। কিন্তু বিমানবন্দরেই তাঁকে আটকে দেওয়া হয়। এরপরই প্রশাসন তাঁর বিদেশযাত্রায় বাধা দিচ্ছে আবেদন করে দিল্লি হাই কোর্টে যান সৌরভ। বৃহস্পতিবার আদালতে কেন্দ্র জানায়, সৌরভের বিরুদ্ধে মহারাষ্ট্রে একটি লুকআউট সার্কুলার জারি হয়েছে।
সরকার দিল্লি হাইকোর্টকে জানিয়েছে যে, ককরোচ জনতা পার্টির নেতা সৌরভ দাসের পাসপোর্টের তথ্যে গরমিল থাকার কারণে তাঁর বিরুদ্ধে একটি ‘লুকআউট সার্কুলার’ জারি করা হয়েছে।
কেন্দ্রের পক্ষে উপস্থিত অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি) চেতন শর্মা বিচারপতি অমিত মহাজনকে জানান, সৌরভ দাসের পাসপোর্টের নথিতে তাঁর শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা এবং পিতা-মাতার পরিচয় সংক্রান্ত তথ্যে যে গরমিল রয়েছে, তা তাঁর ভারতীয় নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তুলতে পারে।
তথ্যে গরমিল থাকার কারণেই মুম্বাই পুলিশ লুকআউট সার্কুলার জারি করেছে।
সৌরভ দাসের আইনজীবী প্রশ্ন তোলেন যে, কোনও সার্কুলার সম্পর্কে তাঁকে অবহিত না করে বা ভ্রমণ নিষেধাজ্ঞার কোনো আদেশ না দেখিয়ে কীভাবে তাঁকে দেশত্যাগ করা থেকে আটকানো যেতে পারে।
আইনজীবীর প্রশ্ন, আমাকে তো কিছুই জানানো হয়নি। আমার বিরুদ্ধে যে এলওসি জারি করা হয়েছে, তা তো কাউকে না কাউকে আমাকে জানাতে হবে। নাগরিকদের সঙ্গে এমন আচরণ করা হবে কেন?
দাসের আইনজীবী কেন্দ্রের কাছে জানতে চান, কী কারণে এই এলওসি জারি করা হয়েছে। পাশাপাশি, আইনি প্রতিকার পাওয়ার উদ্দেশ্যে তিনি ওই সার্কুলারের একটি প্রতিলিপিও দাবি করেন।
তবে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয় যে, এলওসির প্রতিলিপি দেওয়া সম্ভব নয়।
ভ্রমণ নিষেধাজ্ঞার কারণ ব্যাখ্যা করতে গিয়ে কেন্দ্রের আইনজীবী পুদুচেরির পুলিশ সুপারের ২০ আগস্টের একটি তদন্ত প্রতিবেদনের উল্লেখ করেন। ওই প্রতিবেদনে দাসের পাসপোর্টের নথিপত্রে তাঁর পড়াশোনা, বসবাসের ঠিকানা এবং পিতা-মাতার পরিচয় সংক্রান্ত তথ্যে গরমিল ধরা পড়েছিল।
কেন্দ্রের তথ্য অনুযায়ী, দাস তাঁর পাসপোর্টের আবেদনে বাবার নাম উল্লেখ করেননি। এ ছাড়া, কিছু নথিতে তাঁর ঠিকানা দিল্লি হিসেবে দেখানো হয়েছে, আবার অন্য কিছু নথিতে তা পুদুচেরি হিসেবে উল্লেখ রয়েছে। আইনজীবীর যুক্তি যে, এসব অসংগতি তাঁর ভারতীয় নাগরিকত্বের ওপরও প্রভাব ফেলতে পারে।
সরকার আদালতকে আরও জানিয়েছে যে, ২৩ নভেম্বর সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে দাসের কাছে একটি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। এর ঠিক চার মিনিট পর, সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে একটি ভ্রমণ পরামর্শ জারি করা হয়। এসব অসংগতি ব্যাখ্যা দেওয়ার জন্য তাঁকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।
৯ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
এর পাশাপাশি, বুধবার পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন যে, চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট অফিস সৌরভ দাসের পাসপোর্টের আবেদনে জন্মস্থান সংক্রান্ত অসংগতির বিষয়ে তাঁকে একটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। তিনি বলেন, এই অসংগতির ব্যাখ্যা দেওয়ার জন্য সৌরভকে সাত দিন সময় দেওয়া হয়েছে এবং জবাব না দেওয়া পর্যন্ত তাঁকে পাসপোর্ট ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
Prev Post