এনআরএস-এ এক্স-রে রুমে ছাদ থেকে খসে পড়ল চাঙড়

9

পৃথা দাশগুপ্ত: এনআরএস-এ এক্স রে ঘরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চাঙড়। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রবল চাঞ্চল্য । ইউএনবি বিল্ডিংয়ে একতলার একটি ঘরে ছাদ থেকে খসে পড়ে চাঙড়। বেরিয়ে পড়ে ছাদ ঢালাইয়ের সময় ব্যবহৃত লোহার রড, বিম। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ বলছেন, এক্স রে চলাকালীন এই ঘটনা ঘটেছে। এক্স রে চলাকালীন ঘটনা ঘটলেও রোগী ও টেকনিশিয়ানের কিছু হয়নি। তবে সরকারি হাসপাতালের এই পরিকাঠামোর কেন প্রশ্ন উঠছে।

প্রতিদিন শুধু শহর নয়, জেলার প্রচুর মানুষ আসেন কলকাতার এই হাসপাতালে।‌ আজ সকালেও হাসপাতালের রেডিওলজি বিভাগে বহু রোগী ছিলেন। ২ নম্বর ঘরে এক্স রে চলাকালীন সিলিংয়ের একটা বড় অংশের চাঙড় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন সকলে।

সরকারি হাসপাতালের ভবনের এরকম দশা কেন? কী কারণে পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ হয় না? কেন ভেঙে পড়ল এই চাঙর ? হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছেন।

সূত্রের খবর, নীলরতন সরকার হাসপাতালের ইউএনবি ভবনের নির্মাণগত বেশ কিছু ত্রুটি আগেই ধরা পড়েছিল। পূর্ত দফতরও এ বিষয়ে সতর্ক করেছিল হাসপাতাল কর্তৃপক্ষকে। সেই পরামর্শমতো ইউএনবি বিল্ডিংটি ভেঙে ফেলার তোড়জোড়ও শুরু করেছেন কর্তৃপক্ষ।