অশান্ত বাংলাদেশে বন্ধ ট্রেন। বোমাবাজি, বাসে আগুন, গ্রেফতার ৩৩৮

27

নিউজ ডেস্ক: কিছুতেই শান্ত হচ্ছে না বাংলাদেশ। বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় ৯ দিন ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এবার সেখানকার বেশির ভাগ গ্রাহকের মোবাইল ব্যাংকিং পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনের কারণে এ পরিষেবা বন্ধ করা হয়েছে। সরকারি নির্দেশেই এটা করা হয়েছে বলে জানিয়েছেন এক ব্যাংক কর্তা।


বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, পুলিশ তদন্ত করতে গিয়ে দেখেছে, সম্প্রতি ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে গোপালগঞ্জে অস্বাভাবিক পরিমাণে অর্থ লেনদেন হয়েছে। এ কারণে সাময়িকভাবে শুধু এ জেলায় মোবাইল ব্যাংকিং পরিষেবা বন্ধ রাখা হচ্ছে।
১৫ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা গোপালগঞ্জে বিভিন্ন জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এর দুদিন পর থেকে এ জেলার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলমন্ত্রক জানিয়েছে, নাশকতার আশঙ্কা থাকায় সরকার এখনই এই পথে ট্রেন চালুর কথা ভাবছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।


পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কাজও শিগগিরই চালু হচ্ছে না। ১৯ নভেম্বর শতাধিক ব্যক্তি গোপালগঞ্জের বিদ্যুৎ কার্যালয়ের ভেতর ঢুকেছিল। যদিও ওই দিন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। আগামী দিনে যাতে বিদ্যুৎকেন্দ্রের কোনো ক্ষতি না করে, সে জন্য আগাম অনুরোধ করা হয়েছে।


লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে ১৫ নভেম্বর গোপালগঞ্জে মহড়া দেয় নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকরা। ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়।


যাত্রীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকা–খুলনা রুটের জাহানাবাদ এক্সপ্রেস এবং ঢাকা-বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেস ১৯ নভেম্বর থেকে সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ রেলওয়ে। খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা রুটে এক জোড়া বিকল্প ট্রেন চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার রাতে ঢাকায় বাংসা অগ্নিসংযোগ করা হয়েছে। চলন্ত বাসে আগুন ধরিয়ে দেওয়া হয় ঢাকার পল্লবীতে। ঢাকার বাড্ডা এলাকাতেও একটি বাসের পিছনের দিকে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। ঢাকা এবং কুষ্টিয়ায় বোমাবাজিও চলেছে। চট্টগ্রাম-সহ বাংলাদেশের ছয় জায়গায় পুলিশ কিয়স্কে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। নাশকতা-অশান্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৩৩৮ আওয়ামী লিগ সমর্থক-কর্মীকে।