ফের ‘এনকাউন্টার’ আসানসোলে, পালাতে গিয়ে গুলিবিদ্ধ অভিযুক্ত

29

পৃথা দাশগুপ্ত,কলকাতা:বুধবার মধ্যরাত থেকে চলছে টানটান উত্তেজনা। ওই দিন‌ই গ্রেপ্তারির আশঙ্কায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে গিয়েছিল প্রতাপ দাস। তারপর থেকেই তাঁর সন্ধান চালাচ্ছিল পুলিশ। কিন্তু তাঁর খোঁজ পেতে কার্যত নাকানি চোবানি খেতে হয়েছে।

আজ ভোরে গোপন সূত্রে খবর পাওয়ার পর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ রুদ্বশাস অপারেশন চালায়। দক্ষিণ আসানসোল থানার অন্তর্গত ইসমাইলে রুদ্ধশ্বাস অপারেশন চালিয়ে অভিযুক্তকে খুঁজে পাকড়াও করা হয়। কিন্তু আজ‌ও অভিযুক্ত পালানোর চেষ্টা করে আগ্নেয়াস্ত্র নিয়ে। পুলিশকে লক্ষ্য করে ফের গুলি চালানোর চেষ্টা করে। এবার পুলিশের এনকাউন্টার। তাঁর পায়ে গুলি লাগে এবং পুলিশ তাঁকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ সূত্রে খবর, সাইবার প্রতারণা-সহ একাধিক অপরাধের সঙ্গে যুক্ত প্রতাপ দাস। পুজোর আগেই জেল থেকে ছাড়া পায় সে। তারপর থেকেই তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হীরাপুর থানার অন্তর্গত আসানসোল ইসমাইল এলাকায় প্রতাপের পরিবার থাকে।

পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, প্রতাপ বাড়ি ফিরেছে। এরপর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকদের নেতৃত্বে অভিযান চালানো হয়। পুলিশ বাড়ি ঘিরে ফেলেছে বুঝতে পেরেই পরপর বেশ
কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় অভিযুক্ত।

এরপর থেকেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। কিন্তু হন্যে হয়ে খোঁজার পর শুক্রবার ভোররাতে জানা যায় ইসমাইল এলাকা গা ঢাকা দিয়েছে প্রতাপ। এরপরই ইসমাইলে হানা দেয় পুলিশ। সকাল থেকেই অভিযানে নামে পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ। নেতৃত্বে ছিল হিরাপুর থানার পুলিশ। ইসমাইলের ঘনবসতিপূর্ণ এলাকায় হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে তল্লাশি শুরু করেন পুলিশ আধিকারিকেরা। বাড়ির পাঁচিলে উঠে, অলিগলিতে টহল দিয়ে অভিযুক্তের খোঁজ করতে দেখা যায় পুলিশকে।

এটা জানতে পেরে ফের আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশের দিকে লক্ষ্য করে তাক করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত। কিন্তু এবার আর তার পরিকল্পনা কাজে এল না। বাংলার বুকে ফের এনকাউন্টকার। পালানোর চেষ্টা করায় প্রতাপের পা লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন প্রতাপ। জখম অবস্থায় গ্রেপ্তার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেই খবর।