দেবারতি ঘোষ, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতা পুরসভার নোটিশ ঘিরে এবার নয়া মোড়। অবশেষে পুরকর্তৃপক্ষের কাছে সময় চাইলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ।
শনিবার সন্ধ্যায় নিজের আইনজীবীর মাধ্যমে কলকাতা পুরসভার কাছে চিঠি পাঠিয়েছেন তিনি। সূত্রের খবর, ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর নামে পাঠানো ওই চিঠিতে তাঁর বাড়ি ও অন্যান্য সম্পত্তির বেআইনি নির্মাণ সংক্রান্ত যে নোটিশ কলকাতা পুরসভা জারি করেছে, তার প্রেক্ষিতে অতিরিক্ত সময় চাওয়া হয়েছে।
শুধু অবৈধ নির্মাণ ভাঙার বিষয়ই নয়, সম্পত্তির মূল্যায়ণ সংক্রান্ত যে নোটিস পাঠানো হয়েছে, সেই বিষয়েও প্রয়োজনীয় তথ্য ও নথি জমা দেওয়ার জন্য সময় চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, পুরসভার নিয়ম অনুযায়ী কোনও সম্পত্তির মালিককে নোটিশ দেওয়া হলে তিনি নির্দিষ্ট সময় বৃদ্ধির আবেদন করতে পারেন। সেই আবেদন খতিয়ে দেখে পুরসভা সিদ্ধান্ত নেয়। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে সেই আবেদন মঞ্জুর করা হবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।
উল্লেখ্য, কলকাতা পুরসভার বিল্ডিং আইনের ৪০০(১) ধারায় জারি হওয়া নোটিশ অনুযায়ী আগামী সোম বা মঙ্গলবার সাত দিনের সময়সীমা শেষ হওয়ার কথা। তার আগেই আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়ে সময় চেয়ে নিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড।