নেপালে ভয়াবহ বন্যা, ভবানী ভবনে খোলা হয়েছে কন্ট্রোল রুম

38

পৃথা দাশগুপ্ত,কলকাতা: নেপালে ভয়াবহ বন্যা । উদ্বেগ বাড়ছে। পশ্চিমবঙ্গের বাসিন্দারাও অনেকে আটকে পড়েছেন। রাজ্যের মানুষের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে ভবানী ভবনে খোলা হল ২৪ ঘণ্টার বিশেষ কন্ট্রোল রুম।

নম্বর ০৩৩- ২৪৭৯৩৩১১
৯১৪৭৮৯০১৮১

ভবানী ভবন সূত্রে খবর, বিশেষ উদ্যোগে এই কন্ট্রোল রুম খোলা হয়েছে। রাজ্য পুলিশের প্রতিটি থানার সঙ্গে সমন্বয় বজায় রাখা হচ্ছে।

নেপালের একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ । যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। বহু জায়গায় সাধারণ জনজীবন বিপর্যস্ত। এই পরিস্থিতিতে পর্যটন, ব্যবসা বা অন্যা কাজে নেপালে যাওয়া পশ্চিমবঙ্গের বাসিন্দাদের নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকের খোঁজ পাওয়া যায়নি এখনো।

শুধু নিখোঁজ বা আটকে পড়ার খবর নয়, নেপালে থাকা কোনও পরিজনের অবস্থান সম্পর্কে পরিবার নিশ্চিত হতে না পারলেও হেল্পলাইনে যোগাযোগ করা যাবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির নাম, বয়স, নেপালে কোথায় গিয়েছিলেন, শেষবার কখন যোগাযোগ হয়েছিল এবং তাঁর সম্পর্কে অন্য কোনও তথ্য জানালে প্রশাসনের পক্ষে দ্রুত পদক্ষেপ করা সহজ হবে ।

যাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, তাঁদের পরিবারের সদস্যরা যাতে দ্রুত প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভবানী ভবনের কন্ট্রোল রুমটি ২৪ ঘণ্টা চালু থাকবে। নেপালে থাকা কোনও আত্মীয় বা পরিজন বিপদে পড়লে, কোনও এলাকায় আটকে থাকলে কিংবা তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলে পরিবারের সদস্যরা সরাসরি কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন। পরিবারের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে।

এই বিশেষ কন্ট্রোল রুমের মাধ্যমে নেপালে আটকে পড়া পশ্চিমবঙ্গের বাসিন্দাদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে এবং তাঁদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে প্রশাসনের বিভিন্ন স্তরের মধ্যে সমন্বয় রেখেই কাজ করা হবে।