২৭ তারিখ থেকে বাড়তি মেট্রো, চলবে আরও রাত পর্যন্ত

21

পৃথা দাশগুপ্ত,কলকাতা:বড় ঘোষণা মেট্রো রেলের। এবার থেকে রাত ১০.৩০টা পর্যন্ত চলবে মেট্রো। সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান গ্রিন লাইন ও কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ব্লু লাইনে রাত সাড়ে দশটা পর্যন্ত চলবে মেট্রো।

মেট্রো রেল সূত্রে খবর, শুধু সময় বাড়ানোই নয়, যাত্রীদের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যা। ব্লু লাইনে সোমবার থেকে শনিবার ১২টি অতিরিক্ত ট্রেন এবং রবিবার ৬টি অতিরিক্ত ট্রেন চালানো হবে। অন্যদিকে, গ্রিন লাইনে সোমবার থেকে শনিবার ৮টি অতিরিক্ত ট্রেন এবং রবিবার ৩টি অতিরিক্ত ট্রেন বাড়ানো হবে।

বর্তমানে ব্লু লাইনে সকাল ৬টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৫০ মিনিট এবং গ্রিন লাইনে সকাল ৬টা ৩৯ মিনিট থেকে রাত ১০টা ৫ মিনিট পর্যন্ত পরিষেবা চালু রয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার থেকে শনিবার ব্লু ও গ্রিন—দুই লাইনেই সকাল ৬টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রো চলবে। রবিবার দুই লাইনেই পরিষেবা মিলবে সকাল ৯টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত।

তবে এক্ষেত্রে অতিরিক্ত কর্মী নিয়োগ করা হচ্ছে না। অতিরিক্ত সময় কাজের জন্য ওভারটাইম ভাতা দেওয়া হবে। এছাড়াও, রাত ৯টা ২৫ মিনিটের পর ব্লু ও গ্রিন লাইনের সমস্ত বুকিং কাউন্টার বন্ধ থাকবে। যাত্রীরা, স্মার্ট কার্ড এবং অ্যাপ-ভিত্তিক টিকিটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।‌