অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি শুনলই না হাইকোর্ট

21

পৃথা দাশগুপ্ত,কলকাতা:আবারও হাইকোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আর্জি শুনলোই না কলকাতা হাইকোর্ট। একটি মামলায় রক্ষাকবচ পেয়েছিলেন তিনি। পরে ফের রক্ষাকবচের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।‌ তবে আর রক্ষাকবচ পেলেন না তিনি। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন এফ আই এর-এর উপর আপাতত কোন রক্ষাকবচ নয়।

বিচারপতির বক্তব্য ইতিমধ্যেই দু’টি মামলার ক্ষেত্রে রক্ষাকবচ দিয়েছে আদালত। বাদ বাকি গুলোর ক্ষেত্রে এখনই রক্ষাকবচ নয়। বৃহস্পতিবার ফের সব মামলা শুনবে কোর্ট। তারপর রক্ষাকবচের সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল শুনানির সময় বার বার বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ তোলেন। শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন সেই সময় কোর্টের নির্দেশ ছিল তাঁর বিরুদ্ধে এফ আই আর করতে হলে অনুমতি নিতে হবে। তখন বিচারপতি বলেন, “শুভেন্দু অধিকারীর সঙ্গে তুলনা করবেন না।”

রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচুর এফ আই আর হয়েছে। আদালত আগে জানতে চেয়েছিল সাংসদের বিরুদ্ধে মোট কতগুলি এফ আই আর হয়েছে? এরপর আজ শুনানির সময় রাজ্য সরকার বিচারপতিকে জানান মোট আটটি এফ আই আর হয়েছে। এই মামলাগুলির জন্য আলাদা-আলাদা করে রক্ষাকবচ চান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল। আপাতত, সেই আর্জিই শুনল না কোর্ট। সামনে বৃহস্পতিবার ফের এই মামলার শুনানির সম্ভাবনা।