চোরবাগান কাণ্ডের জেরে পুজো কমিটি ও পুলিশকে বাধ্যতামূলকভাবে মানতে হবে বেশ‌ কিছু নির্দেশ

32

পৃথা দাশগুপ্ত: চোরবাগান বিপর্যয়ের পর বড় পুজোগুলির কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা ও পুজো কমিটিকে নির্দেশিকা পাঠানো হয়েছে লালবাজার থেকে। প্রতি থানা ওসি ও এসিদের বড় পুজো প্যান্ডেল পরিদর্শন করতে হবে। প্যান্ডেলের সমস্ত এক্সিটের রাস্তা বাধমুক্ত রাখতে হবে। প্যান্ডেলের ভিতরে ও বাইরে কঠোরভাবে ভিড় নিয়ন্ত্রণ করতে হবে। বৃষ্টির ক্ষেত্রে প্যান্ডেলের প্রবেশ পথ বন্ধ করে প্যান্ডেল খালি করে দিতে হবে। প্যান্ডেলের ভিতরে কোনো জমায়েত করতে দেওয়া যাবে না। বৃষ্টির সময় প্যান্ডেলকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা যাবে না। প্যান্ডেলের ভিতরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে। আলো কম থাকলে তৎক্ষণাৎ তা বন্ধ করে পরিষ্কার আলোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বৃষ্টির সময় ডিউটিতে থাকা কোনো অফিসার ডিউটির জায়গা ছাড়তে পারবেন না। কোনো ভিভিআইপি- র গাড়ি প্যান্ডেল পর্যন্ত যেতে দেওয়া যাবে না, নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। ডিউটিতে থাকা সকল পুলিশ কর্মীকে রেইনকোট সাথে রাখতে হবে। প্রত্যেক অফিসার/কনস্টেবলের সাথে ৫-৬ জন পুজো ভলান্টিয়ারের টিম ট্যাগ করে দিতে হবে। পর্যাপ্ত পরিমাণে দড়ি, গার্ড রেল, লাউড হেইলার বা ছোট স্পিকার মজুত রাখতে হবে। কোথাও যেন কোনও জিনিসপত্র পড়ে না থাকে, তা নিশ্চিত করতে বলা হয়েছে। কোনওরকম ঝুঁকির আশঙ্কা থাকলে ভিড় আটকাতে পদক্ষেপ করতে হবে। সাধারণ দর্শনার্থীরা যে পথে যাতায়াত করছেন, তাতে আমচকা কোনও পরিবর্তন করা যাবে না।