পৃথা দাশগুপ্ত, কলকাতা: চোরবাগানে ঠাকুর দর্শনে গিয়ে মৃত্যু ১৯ জনের। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই একগুচ্ছ নির্দেশিকা প্রকাশ স্বাস্থ্যভবনের। চিকিৎসক থেকে আধিকারিকদের সবার ছুটি বাতিল। এমনকী ছুটি বাতিল কর্মীদেরও।
স্বাস্থ্যভবনের নির্দেশ অনুযায়ী, এনআরএস, আরজি কর, কলকাতা মেডিক্যাল কলেজ, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, এসএসকেএমের মেডিক্যাল টিম থাকবে বড় বড় মণ্ডপে। সন্তোষ মিত্র স্ক্যোয়ার, টালা প্রত্যয়, কলেজ স্ক্যোয়ার, একডালিয়া এভারগ্রিন, চেতলা অগ্রণীতে মোতায়েন করা হবে মেডিক্যাল টিম। বিকেল ৫টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত থাকবেন চিকিৎসক। প্রতি মণ্ডপে থাকবেন একজন করে চিকিৎসক।
অ্যাম্বুল্যাস, রক্ত, অক্সিজেনের জোগান যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে, সেদিকে নজর রাখা হচ্ছে । হাসপাতালে অর্থোপেডিক, নিউরো সার্জন, অ্যানাস্থেটিস্টদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। সকলের ছুটি বাতিল। নির্দেশ না মানলে সেই ব্যক্তির বিরুদ্ধে কড়া শাস্তির হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্যভবন।