ধর্মতলায় ধুন্ধুমারে ধৃত ১৬ জনের জামিন

21

পৃথা দাশগুপ্ত,কলকাতা:ধর্মতলায় গন্ডগোল পাকানো এবং সাংবাদিক নিগ্রহের ঘটনায় আজ ধৃত ১৬ জনকে ব্যাংকশাল আদালতের বিচারক জামিন দেন। আজ পুলিশের তরফে ধৃতদের জেল হেফাজতের আর্জি জানানো হয়। প্রথমে ৩০ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশও দেওয়া হয় বিচারকের তরফ থেকে। তার কয়েক মিনিটের মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশের জেরেই রায় বদলে যায়। জেল হেফাজতের নির্দেশ বদলে ধৃতদের জামিন মঞ্জুর করলেন বিচারক।

নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে দিল্লির আন্দোলনের আঁচ পড়েছিল কলকাতাতেও। গত শুক্রবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত ৮টি সংগঠনের ডাকে নিটকান্ডের প্রতিবাদে মিছিল হয়।‌ মিছিলের শেষ পর্যায়ে নজিরবিহীন অশান্তির সাক্ষী থাকে তিলোত্তমা। সাংবাদিকদের নিগ্রহ করা হয়। পুলিশকে লক্ষ্য করে উড়ে আসে জুতো, জলের বোতল, ইট। সেই ঘটনায় মোট ১৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ২৬ জুলাই তাঁদের আদালতে তোলা হলে ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। আজ ধৃতদের ফের তোলা হয় ব্যাঙ্কশাল আদালতে। পুলিশের তরফে ধৃতদের জেল হেফাজতের আর্জি জানানো হয়। প্রথমে তা মঞ্জুর করেন বিচারক।
এরই মধ্যে গ্রেপ্তারি নিয়ে বড় নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

কলকাতার অশান্তির ধৃতদের মধ্যে কেউ নাবালক নন, তবে পুলিশের তরফে জানানো হয় রাজ্য অভিযুক্তদের রাখতে চায় না। এরপরই জেল হেফাজতের সিদ্ধান্ত বদলে ধৃতদের জামিনের আর্জি মঞ্জুর করে ব্যাঙ্কশাল কোর্ট। ৫০০ টাকার বন্ডে জামিন পান তাঁরা।