দুর্নীতি রুখতে টোল-ফ্রি হেল্পলাইন নম্বর চালু রাজ্য সরকারের

20

পৃথা দাশগুপ্ত,কলকাতা:কাটমানি সম্পর্কিত অভিযোগ হোক বা সিন্ডিকেট রাজের বিরুদ্ধে অভিযোগ।অবৈধ রোড ট্যাক্স সম্পর্কিত অভিযোগ হোক বা বেআইনি চোলাই মদ সংক্রান্ত অভিযোগ। যে কোনও ধরনের দুর্নীতি বা অপরাধের ক্ষেত্রে রাজ্যের মানুষ যোগাযোগ করতে পারবেন টোল-ফ্রি নম্বরে।‌ এবার রাজ্য সরকারের উদ্যোগে শুরু হল টোল ফ্রি নম্বর।

আজ রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবনে চারটি টোল-ফ্রি নম্বরের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কন্ট্রোল রুম তৈরি হচ্ছে নবান্নে। কেউ টোল ফ্রি নম্বরে ফোন করে অভিযোগ জানালে , তা খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে। সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ফোন করা যাবে এই চারটি নম্বরে।

কাটমানি সম্পর্কিত অভিযোগ
১৫৫৩৩৪

সিন্ডিকেট রাজের বিরুদ্ধে অভিযোগ
১৫৫৩৩৫

অবৈধ রোড ট্যাক্স সম্পর্কিত অভিযোগ
১৫৫৩৩৭

বেআইনি চোলাই মদ সংক্রান্ত অভিযোগ
১৫৫৩৩৯

রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবন থেকে এই চারটি টোল-ফ্রি নম্বরের ঘোষণা করে মুখ্যমন্ত্রী সতর্ক‌ও করেন যাতে কেউ এই সুযোগের অপব্যবহার না করতে পারে।‌

ব্যক্তিগত শত্রুতা বা প্রতিহিংসা স্বরূপ মিথ্যা তথ্য দিলে আইনি পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

টোল ফ্রি নম্বরে যে সমস্ত ফোন আসবে,তা রেকর্ড করা হবে। সেই রেকর্ড শুনে ব্যবস্থা গ্রহন করা হবে। প্রয়োজনে রেকর্ডিং পুনরুদ্ধার করার ব্যবস্থা থাকবে। জানিয়েছেন, মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। ‌

প্রাথমিক পর্যায়ে অভিযোগের শ্রেনিবিন্যাসের জন্য কৃত্রিম মেধার ব্যবহার করা হবে। এর পরের ধাপে পুলিশ আধিকারিকরা প্রত্যেকটি অভিযোগ খতিয়ে দেখবেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে। নির্দিষ্ট সময় অন্তর কত অভিযোগ জমা হল, তার কী ব্যবস্থা নেওয়া হল তার রিপোর্ট পাঠানো হবে মুখ্যমন্ত্রীকে।

পুলিশকর্মীদের আরও ফিট থাকতে হবে। বেশি করে খেলাধুলায় অংশ নেওয়ার অনুরোধ মুখ্যমন্ত্রীর। রাজ্যের ৫৫২টি থানার মধ্যে অন্তত ২৫০টি থানায় কেন্দ্রীয় সহযোগিতায় পরিকাঠামো উন্নয়ন করার কথা ঘোষণা করেন শুভেন্দু।

পুলিশে বর্তমান ৪৭ হাজার শূন্যপদ পূরণ সহ ১ লক্ষ নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। প্রতি লক্ষ জনসংখ্যায় উত্তরপ্রদেশের মতো পুলিশের সংখ্যা পর্যায়ক্রমে ২০০ করাই লক্ষ্য বলে জানানো‌ হয়েছে।‌ বর্তমানে রাজ্যে সেই সংখ্যা মাত্র ১০৬। রাজ্য এবং কলকাতা পুলিশের পরিকাঠামোগত উন্নয়নের উপর জোর দেবেন বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।