বোলার কংগ্রেসি নয়, কটাক্ষ হিমন্তর

15

নিউজ ডেস্ক: এসআইআর নিয়ে বিতর্কের জেরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশকুমারের পদত্যাগের দাবির প্রেক্ষিতে কংগ্রেসকে কটাক্ষ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
সমাজমাধ্যমে ব্যাট হাতে ছবি দিয়ে হিমন্ত লিখেছেন, ভালোই হয়েছে যে বোলার কংগ্রেসের কেউ ছিলেন না। তা না হলে তিনি হয়তো বল বিকৃত করা হয়েছে বা পিচ আগে থেকেই ঠিক করে রাখা হয়েছে, এসব অভিযোগ তুলে মাঠ ছেড়ে বেরিয়ে যেতেন এবং আম্পায়ারের পদত্যাগ দাবি করতেন!
নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদ এবং জ্ঞানেশকুমারের পদত্যাগের দাবিকে এভাবে কটাক্ষ করেছেন হিমন্ত বিশ্ব শর্মা।
মঙ্গলবার ডিব্রুগড় জেলায় নাহরকাটিয়ায় মাল্টি-স্পোর্ট কমপ্লেক্সের বহুমুখী ক্রীড়া কেন্দ্র উদ্বোধন করেন হিমন্ত। ২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই ক্রীড়াকেন্দ্র। ৩৪ বিঘা জমির ওপর গড়ে উঠেছে এই স্পোর্টস কমপ্লেক্স।
এই কমপ্লেক্সে আন্তর্জাতিক মানের ক্রিকেট মাঠ, সুইমিং পুল, ফুটবল মাঠ, বিশেষ অ্যাথলেটিক্স মাঠ, হকি মাঠ এবং জিমনাসিয়াম সহ নানা ধরনের সুযোগ-সুবিধা রয়েছে।
এই কেন্দ্র নাহরকাটিয়া ও পার্শ্ববর্তী এলাকার খেলোয়াড়দের উন্নত ক্রীড়া পরিকাঠামো ব্যবহারের সুযোগ করে দেবে এবং রাজ্য ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য প্রস্তুতির ক্ষেত্রে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনের পর, হিমন্ত আনুষ্ঠানিকভাবে সুইমিং পুল ও ফুটবল মাঠের উদ্বোধন করেন।