অতীন ঘোষের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাই কোর্ট

17

পৃথা দাশগুপ্ত,কলকাতা: কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষকে এক্ষুনি গ্রেফতার নয়।, জানাল কলকাতা হাইকোর্ট।‌ আজ অতীন ঘোষের রক্ষাকবচের মেয়াদ ফের বৃদ্ধি করল আদালত।

অতীন ঘোষ ও তাঁর মেয়ের বিরুদ্ধে জমি সংক্রান্ত বেনিয়মের অভিযোগ। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য বিধাননগর উত্তর থানায় অতীন ও তাঁর মেয়ে প্রিয়দর্শিনী ঘোষকে ডেকে পাঠানো হয়।‌ তার পরেই আগাম জামিনের আবেদন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কাশীপুর-বেলগাছিয়ার প্রাক্তন বিধায়ক।

সোমবার হাই কোর্ট জানায়, মামলা বিচারাধীন অবস্থায় থাকলে গ্রেফতার করা যাবে না কাউকে। এমনকি অতীন ঘোষের ক্ষেত্রেও তা প্রযোজ্য।

রাজ্যের উদ্দেশে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছিলেন, ‘‘মামলাকারীকে গ্রেফতার করবেন না। অনেক ঘটনায় দেখছি, আপনারা গ্রেফতার করে নেন। রক্ষাকবচের মেয়াদ শেষ হলে এক দিনের মধ্যে গ্রেফতার করে নেওয়া হচ্ছে।’’

বিচারপতির এই মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যের আইনজীবী বলেছিলেন, পরিস্থিতি বিবেচনা করেই পুলিশ পদক্ষেপ করে থাকে। তবে কোনও মামলা বিচারাধীন থাকলে অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে না। পুলিশকে তা জানিয়ে দেওয়া হবে।

আজ ফের এই মামলার শুনানি ছিল।‌
বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, আগামী ১৪ অগস্ট পর্যন্ত রক্ষাকবচ পাচ্ছেন অতীন ঘোষ। তার আগে ১০ অগস্ট ওই মামলার পরবর্তী শুনানি। এর মধ্যে অতীন ঘোষের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করা যাবে না।