সাইনবোর্ড সরানো নিয়ে ধুন্ধুমার, অভিষেক-ডেরেক-সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে ৩ টি FIR, গ্রেফতার ১৩

39

পৃথা দাশগুপ্ত,কলকাতা:পুলিশকর্মীদের কাজে বাধা, মারধর, সরকারি জিনিস নিয়ে নেওয়ার অভিযোগ ।‌ পাশাপাশি হুমকি দেওয়ার অভিযোগে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন-সহ একাধিক নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কলকাতা পুলিশ। মোট তিনটি এফ আই আর দায়ের হয়েছে। এই ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

ক্যামাক স্ট্রিটে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ লেখা সাইনবোর্ড খুলে নিয়েছে কলকাতা পুরসভা। সেই নিয়ে ধুন্ধুমার বাধে বৃহস্পতিবার বিকেলে। হাতাহাতি, ধাক্কাধাক্কি হয়। এর পরেই বৃহস্পতিবার রাতে তিনটি এফআইআর দায়ের হয়। গ্রেপ্তার করা হয় ১৩ জনকে।

কলকাতা পুরসভার বিজ্ঞাপন বিভাগের ডেপুটি ম্যানেজার সুদীপ কুমার বসুর লিখিত অভিযোগের ভিত্তিতে প্রথম এফ আই আর দায়ের হয়েছে। এই অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, হুমায়ুন কবীর, বিশ্বনাথ চট্টোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা ও সমর্থকদের নাম রয়েছে।

দ্বিতীয় এফ আই আর দায়ের হয়েছে শেক্সপিয়ার সরণি থানায়। কলকাতা পুরসভার লিখিত অভিযোগের ভিত্তিতে হোর্ডিং সরানোর সময় পুলিশ ও পুরসভার কর্মীদের কাজে বাধা এবং তাঁদের উপরে হামলার অভিযোগে ডেরেক ও’ব্রায়েন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, হুমায়ুন কবীর, বিশ্বনাথ চট্টোপাধ্যায় এবং তাঁদের সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

পার্ক স্ট্রিট থানার সার্জেন্ট সুজিত কুমার মণ্ডলের অভিযোগের ভিত্তিতে তৃতীয় এফ আই আর শেক্সপিয়ার সরণি থানায় দায়ের করা হয়েছে। এই মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ক্যামাক স্ট্রিটে হোর্ডিং সরানোর সময়ে কয়েকজন পুলিশকর্মীদের বাধা দেওয়ার পাশাপাশি সার্জেন্ট সুজিতকুমার মণ্ডলের কাছ থেকে সরকারি ওয়াকি টকি ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

এই ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাঁদের নাম ও পরিচয় প্রকাশ্যে আসেনি।