আর জি কর লিফট কাণ্ডে চার্জশিট জমা পুলিশের

23

কলকাতা,পৃথা দাশগুপ্ত :আর জি কর লিফট কাণ্ডে ৭২ দিনের মাথায় চার্জশিট পেশ। চার্জশিটে নাম রয়েছে ৫ জনের। ২০০ পাতার চার্জশিট জমা পড়েছে শিয়ালদহ আদালতে। চার্জশিটে ঘটনার বিবরণের পাশাপাশি রয়েছে ‌লিফটম্যানদের কর্তব্যে গাফিলতির কথা।

২০০ পাতার চার্জশিটে ঠিক কী ঘটেছিল, কীভাবে লিফটের দরজা ও দেওয়ালের মাঝে ঘষা খেয়ে ছিলেন অরূপ, তার তথ্য বিশদভাবে দেওয়া রয়েছে। পাশাপাশি, লিফট ম্যানদের কর্তব্যে গাফিলতির কারণেই এই ভয়ঙ্কর ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগ উঠে ছিল, বিপর্যয়ের সময় যাঁরা লিফটের দায়িত্বে ছিলেন তাঁরা নাকি মদ্যপান করেছিলেন। কেউ মদ্যপান করে ঘুমিয়ে পড়েছিলেন। কেউ আবার অরূপ বন্দ্যোপাধ্যায়ের চিৎকার শুনতে পাননি। তাই বুঝতেই পারেননি ওই পরিস্থিতিতে কী করতে হবে।

ঘটনার সূত্রপাত এ বছর মার্চে। আর জি কর হাসপাতালে ছেলের চিকিৎসার জন্য গিয়ে ছিলেন দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়। ছেলেকে সঙ্গে নিয়ে শৌচালয়ে যেতে গেলে লিফটে ওঠেন তিনি। স্ত্রী সঙ্গে ছিলেন। যান্ত্রিক ত্রুটির কারণে লিফটটি আটকে যায়। বেশ কিছুক্ষণ লিফটের মধ্যেই আটকে থাকেন তাঁরা। এই পরিস্থিতিতে একটা সময় লিফটের গর্তে পড়ে যান অরূপের ছেলে ও স্ত্রী। অন্যদিকে লিফটের দরজা ও দেওয়ালের মাঝে পড়ে ঘষা খেয়ে মৃত্যু হয় অরূপের। এই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ। কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলে মৃতের পরিবার।‌