অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID

42

পৃথা দাশগুপ্ত, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID-র তদন্তকারী আধিকারিকরা। শনিবার দুপুরে হঠাৎ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের চার সদস্যের তদন্তকারী দল হাজির হয়।‌ হরিশ মুখার্জি রোডের ‘শান্তিনিকেতন’-এর কর্মীরা তদন্তকারীদের জানান, বাড়িতে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারের সদস্যরা।

বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের চিঠিতে স্বাক্ষর সংক্রান্ত বিতর্কের তদন্ত করছে CID। CID সূত্রে খবর, তা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তৃণমূল সাংসদের বাড়িতে হাজির হন গোয়েন্দারা। এর আগে এই মামলায় নয়না বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষের বাড়িতেও যায় CID।

তবে CID-র আধিকারিকদের ‘শান্তিনিকেতন’-এর কর্মীরা জানিয়েছেন, কয়েক দিনের মধ্যে বাড়িতে আসেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা রুজিরা বন্দ্যোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে না পেয়ে নোটিস দেওয়া হতে পারে ওই বাড়িতে।