নেট দুনিয়া ছেড়ে এবার রাজধানীর রাজপথে CJP

31

নিউজ ডেস্ক: সম্প্রতি নেট দুনিয়ায় সাড়া ফেলে দেওয়া ককরোচ জনতা পার্টি (CJP) এবার সরাসরি শান্তিপূর্ণ প্রতিবাদে নামছে দিল্লির রাজপথে। সংবাদ সম্মেলন করে জুন মাসের ৬ তারিখ দিল্লির যন্তর মন্তরে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে প্রতিবাদের ডাক। প্রতিবাদে অংশ নিতে ভারতে আসছেন CJP -র মূল উদ্যোক্তা অভিজিত দীপকে। থাকবেন সোনাম ওয়াংচুকের মত সমাজসেবীরাও।

দেশ জুড়ে সাড়া ফেলেছে নিট, সিবিএসই কেলেঙ্কারির মত একাধিক বিষয়। ‘সিস্টেমের’ বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে একাংশ জেন-Z সমাজে। এই ক্ষোভকেই ইন্ধন করে ইতিমধ্যেই সমাজ মাধ্যমে বিপুল জনপ্রিয়তা পেয়েছে জেন-Z-দের ককরোচ জনতা পার্টি। বুধবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এই ক্ষোভকে এবার রাস্তায় প্রতিবাদের রূপ দেওয়ার ঘোষণা করলেন ককরোচ জনতা পার্টির মুখপাত্ররা। সাংবাদিক সৌরভ দাস, রাজনৈতিক বিশ্লেষক ও লেখক ভিজেতা দাহিয়া এবং আইআইটি কানপুরের প্রাক্তন ছাত্র আশুতোষ রাঙ্কাকে মুখপাত্র ঘোষণা করে CJP।

তারপরেই বুধবারের সাংবাদিক সম্মেলনে ৬ জুনের কর্মসূচির ঘোষণা করেন তারা। শিক্ষাক্ষেত্রে একাধিক দুর্নীতি ও কেলেঙ্কারিতে সরকারের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানান তারা। পাশাপাশি দেশের রাজনীতির ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসার বার্তা দেন তারা। সংবাদ সম্মেলনে তারা জানান, শনিবারের এই প্রতিবাদ কর্মসূচিতে CJP -র মূল উদ্যোক্তা অভিজিত দীপকেও উপস্থিত থাকবেন। জুনের ৬ তারিখেই আমেরিকা থেকে ভারতে ফিরবেন অভিজিত। বিমান বন্দরে দেখা করবেন সোনাম ওয়াংচুকের সাথে। তারপরেই শুরু হবে তাদের কর্মসূচি। প্রতিবাদে অংশ নেবেন সোনাম ও একাধিক পরিচিত ব্যক্তিত্ব। CJP -র জেন-Z অনুগামীদেরও এই শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।

সমাজ মাধ্যমে সাড়া জাগানোর পর দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন কর্মসূচি দেখা যায় CJP-র নামে। তবে, এই প্রথম সংগঠিত ভাবে রাস্তায় নেমে প্রতিবাদের ডাক জেন-জিদের দলের। এর আগে বাংলাদেশ, নেপালের মত প্রতিবেশী দেশগুলিতেও রাজনৈতিক কাঠামোয় বিপুল পরিবর্তন এনেছে জেন-জিদের ‘ইন্টারনেট বিপ্লব’। এখন দেখার, ভারতের ক্ষেত্রে ঠিক কী ভুমিকা নেয় জেন-Z সমাজের ‘ইন্টারনেট বিপ্লব’।