পুলিশের জালে আরও এক সাইবার অপরাধী, বাজেয়াপ্ত ২১এটিএম কার্ড, মোবাইল

7

অঞ্জন জ্যোতি নাথ: সাইবার অপরাধ রুখতে পুলিশের আরেক সাফল্য। বরপেটা রোডের হাউলিতে পুলিশের জালে সাইবার অপরাধী হাসিবুল হাসান। বুধবার রাতে অভিযান চালিয়ে হাউলির গলিয়া গ্রাম থেকে হাসিবুলকে গ্রেফতার করে পুলিশ। হাসিবুলের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে ২১টি এটিএম কার্ড ও একটি মোবাইল।

বরপেটার সাইবার সেলের এএসপি সমীরণ বৈশ্য জানান, হাসিবুলের কাছ থেকে বাজেয়াপ্ত মোবাইলটি পরীক্ষা নিরীক্ষা করে পুলিশ সাইবার অপরাধে ক্ষেত্রে বহু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। দীর্ঘদিন ধরেই হাসিবুল নানারকম লোভ দেখিয়ে, কৌশলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিল। পুলিশ জানিয়েছে, গোপনে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড হাতিয়ে নিয়ে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিত হাসিবুল।

বেশ কিছুদিন ধরেই এই অপরাধ চক্রের উপর নজর ছিল রাজ্য পুলিশের। এই চক্রটি সম্পর্কে তথ্যও সংগ্রহ করছিল পুলিশ। এএসপি সমীরণ বৈশ্যের নেতৃত্বে বুধবার রাতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে হাসিবুলকে গ্রেফতার করে। তবে এই ঘটনার সঙ্গে আর কোন বড় চক্র জড়িত আছে কিনা, তা জানতে হাসিবুলকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

সাধারণ মানুষকে এই ধরনের সাইবার প্রতারকদের থেকে সাবধান থাকার পাশাপাশি নিজের এটিএম কার্ড ও পিন নম্বর অন্যের সাথে শেয়ার না করার পরামর্শ পুলিশের।