ফের রথীন ঘোষকে সমন, এই নিয়ে তিনবার তলব প্রাক্তন খাদ্যমন্ত্রীকে

32

পৃথা দাশগুপ্ত, কলকাতা: ফের পুর নিয়োগ দুর্নীতি মামলায় রথীন ঘোষকে তলব। এই নিয়ে তিনবার প্রাক্তন খাদ্যমন্ত্রীকে তলব করল ইডি। এর আগে দু’বার তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। সূত্রের খবর, তাঁর উত্তরে সন্তুষ্ট নয় ইডি। আগামী সপ্তাহে ফের ইডি দফতরে হাজিরা দিতে নির্দেশ তাঁকে। তবে এবার চিঠির উত্তর দিয়েছেন তিনি। জানিয়েছেন, আগামী সপ্তাহে ইডি দফতরে হাজিরা দেবেন তিনি।

ভোটের আগেও পুর নিয়োগ দুর্নীতিতে একাধিকবার রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। ভোটের কারণ দেখিয়ে বারবার হাজিরা এড়িয়েছিলেন তিনি। ১৫ মে ইডি দফতরে ঢোকার মুখে তিনি জানিয়েছিলেন, তাঁকে কেন ডাকা হচ্ছে, তিনি জানেন না।

ইডি সূত্রে খবর, পুরনিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে দক্ষিণ দমদম পুরসভায় বেআইনিভাবে চাকরিপ্রাপকদের নাম সুপারিশ করার ঘটনায় রথীন ঘোষকে তলব করা হয়েছিল। ইডি সূত্রে জানা যায়, ওই তালিকায় কম বেশি ১৫০ জন চাকরিপ্রার্থীর নাম রয়েছে এবং দুর্নীতির মাধ্যমে উপার্জনের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়েছে। সেই জন্য একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টও খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।