অসমে বন্যা পরিস্থিতি, বন্ধ ট্রেন

50

নিউজ ডেস্ক: টানা বৃষ্টির জেরে ব্যাপক প্রভাব উজান অসমে। বাড়ছে দিখৌ নদীর জল, যার জেরে উজান অসমের শিমালগুড়ি স্টেশনের রেললাইন ও স্টেশনের পরিকাঠামো ক্ষতিগ্রস্ত। এই অঞ্চলে বন্ধ হয়ে গেছে ট্রেন পরিষেবা। শিমালগুড়ি থেকে শিবসাগর জেলায় ট্রেন পরিষেবা বন্ধ। বিভিন্ন জায়গায় রেললাইনের ওপর দিয়ে জল বইছে। যাত্রী নিরাপত্তায় শিমালগুড়ি-নামতিয়ালি এবং শিমালগুড়ি-সেলেনঘাট বিভাগে ট্রেন পরিষেবা সম্পূর্ণ বন্ধ।
ডিব্রুগড় ও তিনসুকিয়া থেকে দূরগামী ট্রেন চালানো হচ্ছে ঘুরপথে, রঙিয়া-রাঙাপাড়া রুটে। উত্তর-পূর্ব সীমান্ত রেল থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রেললাইনের সঠিক ক্ষতি নির্ণয় করা যাচ্ছে না। বন্যার জল কমলে রেল পরিষেবা স্বাভাবিক হবে।
এদিকে, বন্যা পীড়িত মানুষকে উদ্ধার ও ত্রাণ বণ্টনে ভারতীয় সেনাবাহিনী শুরু করেছে অপারেশন জল রাহাত। টানা বৃষ্টিতে অসমে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে চরাইদেও, শিবসগার ও যোরহাট জেলায়।
অপারেশন জল রাহাতের অঙ্গ হিসেবে সেনাবাহিনীর সঙ্গে উদ্ধারের কাজ করছে আসাম রাইফেলস এবং বিকল্প হিসেবে রয়েছে ভারতীয় বায়ুসেনা।
ইতিমধ্যে বন্যাক্রান্ত এলাকায় গিয়েছেন অসমের দুই মন্ত্রী বিমল বরা ও সুশান্ত বরগোহাঁই। বন্যার জলে প্রাণ হারিয়েছেন শিবসাগরের এক ব্যক্তি। চলতি মরশুমে এনিয়ে বন্যায় অসমে মৃতের সংখ্যা ৫।
চরাইদেও, ধেমাজি, ডিব্রুগড়, যোরহাট, শিবসাগর, তিনসুকিয়া এবং ওদালগুড়িতে বন্যাক্রান্তের সংখ্যা ৫৭ হাজার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চরাইদেও, প্রায় ২৪ হাজার মানুষ ঘরছাড়া। এরপর রয়েছে ধেমাজি, ২২ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত বন্যার কারণে।