নিউজ ডেস্ক: বৃহস্পতিবার রাত বারোটায় পড়ুয়াদের উদ্দেশে সমাজমাধ্যমে ভিডিয়ো পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিয়োয় তিনি বলেছেন, প্রশ্নফাঁস সাধারণ বিষয় নয়। লক্ষ লক্ষ শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের জন্য এটি কষ্টদায়ক।এই কেলেঙ্কারির বিরুদ্ধে আড়াই মাসে সরকারে অনেক পদক্ষেপ করেছে। দোষীদের গ্রেফতার করা হয়েছে। তাই দ্বিতীয়বার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। প্রশ্নফাঁসের বিরুদ্ধে আগামীকাল মন্ত্রিসভায় কঠোর পদক্ষেপ করা হবে। সোমবার একটি বিল পাশ করানোর চেষ্টা করা হবে সংসদে, বলেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী মোদীর ভিডিয়োবার্তার কঠোর সমালোচনা করেছে বিরোধীরা। রাহুল গান্ধী পাল্টা পোস্ট করে লিখেছেন, আমাদের পড়ুয়ারা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছে। মধ্যরাতে করুণ ভিডিয়ো জারি করে তাদের বুদ্ধিমত্তাকে অপমান করবেন না। এইসঙ্গে তিনটি দাবি তুলে ধরেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, সংসদ চলছে, এই সময় মধ্যরাতে ভিডিয়োবার্তা না দিয়ে প্রধানমন্ত্রী সংসদে এসে বিবৃতি দিন। একমাত্র সংসদের বিবৃতিই মান্য।
এদিকে, বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় শিক্ষাসচিব বিনীত জোশীকে সরিয়ে দেওয়া হয়েছে। ওই পদে নিয়ে আসা হয়েছে নরেশ গাংওয়ারকে। বিনীতকে পাঠানো হয়েছে পঞ্চায়েতি রাজ দফতরে।
প্রধানমন্ত্রীর ভিডিয়োবার্তার পর সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার করলেও ককরোচ জনতা পার্টির কর্মীরা দাবি থেকে এক ইঞ্চিও সরেনি। তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসছে সিজেপি-র প্রতিনিধিরা।
সিজেপি মূল দাবি তিনটি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। নিট-এর প্রশ্নপত্র ফাঁসের কারণে যারা আত্মহত্যা করেছে, তাঁদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ, এবং সোমবার সংসদ চলো অভিযানে যাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, সেগুলি খারিজ করা।
Prev Post