পৃথা দাশগুপ্ত, কলকাতা: আপাতত বুলডোজার চলবে না তিলজলায়। বেআইনি নির্মাণ ভাঙার উপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ কলকাতা হাইকোর্টের। এক মাসের মধ্যে মামলাকারী ভাড়াটিয়াদের বক্তব্য শুনতে হবে। জািনিয়ে দিয়েছে বিচারপতি শম্পা দত্ত পালের বেঞ্চ। রেগুলার বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি। তবে এখনও দিন ধার্য হয়নি।
১৫ মে তপসিয়ায় বেআইনি নির্মাণ ভেঙে ফেলার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তে বাসিন্দাদের পুনর্বাসনের বন্দোবস্ত করা যাবে না বলেও জানিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা বসুচৌধুরীর বেঞ্চ।
১২ মে তপসিয়ার একটি বহুতলে চামড়ার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে মৃত্যু হয় দু’জনের। ৩ জন জখম হন। ওই ঘটনার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, তিলজলার ওই বহুতল বেআইনি, কোনও বিল্ডিং প্ল্যান নেই এবং সেখানে অবৈধভাবে কারখানা চলছিল। বহুতল ভেঙে ফেলার নির্দেশ দেন তিনি। তার কয়েক ঘণ্টার মধ্যে তিলজলায় বুলডোজ়ার পৌঁছে যায় এবং বাড়ি ভাঙার কাজ শুরু হয়।
ওই বহুতলের বাসিন্দারা সেই সময় ক্ষোভ উগরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। হাইকোর্টে মামলা হওয়ার পর বিচারপতি রায়চৌধুরী স্থগিতাদেশ দেন। সে সংক্রান্ত বিষয় স্থিতাবস্থা বজায় রাখলেন বিচারপতি দত্ত পাল।