ধর্মোপদেশের আড়ালে শোষন-ধর্ষণ, গ্রেফতার IIT স্নাতক

21

নিউজ ডেস্ক: মথুরায় পুলিশের হাতে গ্রেফতার ২৯ বছর বয়সী আইআইটি (IIT) স্নাতক এক যুবক। তার বিরুদ্ধে আধ্যাত্মিক গুরু সেজে তরুণীদের যৌন শোষণ এবং সেই অপকর্মের ছবি ও ভিডিও ব্যবহার করে ভুক্তভোগী ও তাদের পরিবারকে ব্ল্যাকমেল করার অভিযোগ।

অভিযুক্তের নাম অভিষেক মিশ্র। তার বাড়ি ওড়িশায়। সে আদিকর্তা নারায়ণ দাস নামক একটি ধর্মীয় ছদ্মনামে নিজের কুকর্ম চালাতো। সে আইআইটি রুরকি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত সে সেখানে পড়াশোনা করেছিল। ছত্তিশগড়ের এক তরুণীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিষেককে গ্রেপ্তার করে। এরপর তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।

মিশ্র গত প্রায় চার বছর ধরে মথুরার রাধাকুঞ্জ এলাকায় বসবাস করছিল এবং নিজেকে একজন ‘কথাবাচক’ বা ধর্মীয় বক্তা হিসেবে পরিচয় দিত। সে ‘রাধা কৃপা অমৃত’ নামে একটি ইউটিউব চ্যানেল চালাত, যার মাধ্যমে সে হিন্দি ও ইংরেজি—উভয় ভাষাতেই ধর্মীয় উপদেশ প্রচার করত। এছাড়া, নিজের ওই ছদ্মনামে সে লিঙ্কডইনেও (LinkedIn) একটি পেশাদার প্রোফাইল খুলে রেখেছিল।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সে এই প্ল্যাটফর্মগুলোকে তরুণীদের, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করা তরুণীদের টার্গেট করতে ব্যবহার করত।

পুলিশ জানতে পেরেছে, মিশ্র তার ভিডিওর মাধ্যমে তরুণীদের সঙ্গে যোগাযোগ করত এবং পরবর্তীতে ধীরে ধীরে তাদের প্রভাবিত করে পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে ও নিজের কাছে থাকতে বাধ্য করত। একটা সময় তার মথুরার বাসভবনে প্রায় ২৪ জন তরুণ-তরুণী একসঙ্গে থাকত।

পুলিশ জানিয়েছে, তরুণীরা একবার তার প্রভাবে চলে এলে, তিনি তাদের কাছে ‘গান্ধর্ব বিবাহ’-এর প্রস্তাব দিতেন। অভিষেকের বিরুদ্ধে আরও অভিযোগ, যৌন নির্যাতন করার আগে এবং সেই কুকর্মের ভিডিও করার আগে প্রসাদ দেওয়ার ছলে মাদক মেশানো দুধ তরুণীদের খাইয়ে দিত।

অভিষেকের মোবাইল ফোন থেকে প্রচুর অশ্লীল ছবি ও ভিডিও উদ্ধার করেছে পুলিশ।

ধৃত অভিষেকের বিরুদ্ধে অভিযোগ, তার সঙ্গে বসবাসকারী তরুণ-তরুণীদের পরিবারের কাছ থেকে অর্থ আদায় করা হত এবং আশেপাশের এলাকার অন্যান্য তরুণীদেরও নিজের জালে জড়ানোর জন্য বারবার চেষ্টা চালানো হত। গ্রেফতার হওয়ার প্রায় ছয় মাস আগে, তার কাছে বসবাসকারী এক তরুণীর পরিবার তাকে বাড়ি ফিরিয়ে নিতে এসেছিল। পুলিশ সূত্র জানায়, সেসময় মিশ্র ও তার সহযোগীরা সেখানে ব্যাপক হট্টগোল ও বিশৃঙ্খলার সৃষ্টি করে।

ধৃত অভিষেক মিশ্র ঠিক কতজন মহিলাকে এভাবে শোষণ করেছে তা এখনও নিশ্চিত নয়। এনিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।