তারাপীঠ মন্দিরে ‘VIP সংস্কৃতি’ বন্ধ, গর্ভগৃহে প্রবেশের ক্ষেত্রে একাধিক নিয়ম মানতে হবে মন্ত্রী, আমলাদেরও

17

পৃথা দাশগুপ্ত,কলকাতা: মূর্তি স্পর্শ করা যাবে না। একাধিক বিধিনিষেধ জারি তারাপীঠ মন্দিরে। ব্যতিক্রম ছিলেন মন্ত্রী-আমলা-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংসদ-বিধায়করা। এমনকী কৌশিকী অমাবস্যা তিথিতেও তাঁরা ভক্তদের ভিড় এড়িয়ে ঢুকে পড়তেন । তবে, এ বার কড়া তারাপীঠ মন্দির কমিটি।

‘ভিআইপি সংস্কৃতি’ বন্ধ করতে উদ্যোগী কমিটি। কৌশিকী অমাবস্যায় কাউকেই মন্দিরে গর্ভগৃহে ঢুকতে দেওয়া হবে না।

কী নিয়ম ?

মা তারার গর্ভগৃহে কোনও ভক্তই ঢুকতে পারবেন না‌।

গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হবে না মন্ত্রী, নেতা, আমলাদেরকেও।

গর্ভগৃহের বাইরে বারান্দা থেকেই ৫ ফুট দূরত্ব বজায় রেখে প্রতিমা দর্শন করতে হবে।

পুণ্যার্থীদের আবেগের কথাকে মাথায় রেখে মায়ের ধাতব চরণযুগল গর্ভগৃহের বাইরে বারান্দায় রাখা থাকবে। সেখানেই ভক্তরা চরণস্পর্শ করার সুযোগ পাবেন।

পুণ্যার্থীদের সুবিধার জন্য দু’টি লাইন থাকবে। একটি সাধারণ এবং অন্যটি বিশেষ লাইন।

অতীতে বিশেষ লাইনের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠলেও, এ বার সেই পথ বন্ধ।

বিশেষ লাইনের জন্য নির্দিষ্ট করা হয়েছে মাথাপিছু ৫০০ টাকার কুপন। তবে সাধারণ লাইনে দর্শনের জন্য কোনও প্রবেশমূল্য লাগবে না।

কৌশিকী অমাবস্যা তিথিতে রেকর্ড ভিড় হয় তারাপীঠ মন্দিরে। বিভিন্ন জায়গা থেকে আসেষ ভক্তরা।

মা-কে দর্শন করতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় সাধারণ ভক্তদের। তবে ব্যতিক্রম ছিলেন মন্ত্রী-আমলারা। সেই ভিড় এড়িয়ে একেবারের মন্দিরের গর্ভগৃহে ঢুকে মাকে প্রণাম করতেন তাঁরা। এবার থেকে সেই নিয়মের ইতি।

কৌশিকী অমাবস্যায় মায়ের মূর্তিকে স্পর্শ করা তো দূর, গর্ভগৃহে পা গলানোর অনুমতি দেওয়া হবে না কাউকেই। আসন্ন কৌশিকী অমাবস্যা উপলক্ষে ভিড় সামলাতে এবং শৃঙ্খলা বজায় রাখতে এই বেনজির সিদ্ধান্ত নিয়েছে তারাপীঠের নতুন মন্দির কমিটি।

১০ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। সে দিন সকাল ১০টা ১১ মিনিটে শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যার পুণ্যতিথি। তা থাকবে ১১ সেপ্টেম্বর সকাল ৮টা ৫০ মিনিট পর্যন্ত। তবে, প্রতি বছরের মতো, তার আগের দিন থেকেই বিপুল পুণ্যার্থী সমাগমের সম্ভাবনা তারাপীঠে। সেই কারণে এখন থেকেই এই ভিড় সামাল দিতে প্রস্তুতি শুরু করে দিয়েছে পুলিশ, প্রশাসন এবং মন্দির কমিটি।