রাস্তা নয়, বিতর্কের স্থান সংসদ: অমিত শাহ

16

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীকে প্রকাশ্য বিতর্কে আহ্বান জানিয়েছেন রাহুল গান্ধী। এবার রাহুলকেই চ্যালেঞ্জ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার হরিয়ানার কার্নালে অমিত শাহ বলেছেন, আমি রাহুল গাঁধীকে সরাসরি চ্যালেঞ্জ করতে চাই। আপনি আলোচনার জন্য প্রধানমন্ত্রীকে মোদীকে চ্যালেঞ্জ করেছেন। আপনি যদি আলোচনা চান, আমরা এসআইআর নিয়ে আলোচনার জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকতে প্রস্তুত আছি। আসুন, সংসদের বিতর্কে অংশ নিন।
গত তিন দিন বারবার মোদীকে বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাহুল। সমাজমাধ্যমে ভিডিয়োতে মোদীর উদ্দেশে রাহুল বলেছেন, যে কোনও মঞ্চ, জায়গা বেছে নিন। আমার সঙ্গে বিতর্কে অংশ নিন। কে দেশবিরোধী? কার সঙ্গে বিদেশি শক্তির যোগাযোগ রয়েছে? এই যোগাযোগ কেমন? যত দ্রুত সম্ভব বিতর্কে আসুন। আমরা দুজন সেখানে থাকবে। সংবাদমাধ্যম থাকবে। দেশের যুবসমাজ থাকবে। এর আগে মোদীর উদ্দেশে রাহুল বলেছেন, আপনার সাহস হবে না। কারণ আমি আপনার সম্পর্কে যা জানি, তা নিয়ে আপনি আতঙ্কে রয়েছেন।
শনিবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছিলেন, বিরোধী শিবির এখন অবরোধকারী শিবিরে পরিণত হয়েছে। দেশে বিভাজন তৈরি করতে চাইছে। সমাজমাধ্যমকে কাজে লাগিয়ে গুজব ছড়ানো হচ্ছে। দেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। বিরোধীদের পিছনে বিদেশি মদত রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলে মোদী বলেছিলেন, কে বিদেশে গোপনে কার সঙ্গে দেখা করছে? ভারত-বিরোধী শক্তি কাকে সমর্থন করছে? কারা ভারতের শত্রুদের ভাষায় কথা বলছে?
সেই অভিযোগের জবাবে সোমবার রাহুল বলেছেন, মিস্টার মোদী, দেশের সামনে মিথ্যে বলা বন্ধ করুন। আপনি বিদেশি শক্তির সাহায্যে প্রধানমন্ত্রী হয়েছেন। বিদেশি শক্তির সাহায্যে প্রধানমন্ত্রী পদে রয়েছেন। আপনার আর্থিক ব্যবস্থা পুরোপুরি বিদেশিদের দ্বারা নিয়ন্ত্রিত ও মদতপুষ্ট। বিদেশি সমাজমাধ্যম পুরোপুরি আপনাকে সাহায্য করে। আমি আপনাকে এনিয়ে প্রকাশ্য বিতর্কে আসার চ্যালেঞ্জ জানাচ্ছি। যে কোনও মঞ্চ, যে কোনও সময়।
বৃহস্পতিবার এসআইআর বিতর্কের আবহে রাহুলকে পাল্টা আক্রমণ করেছেন অমিত শাহ। তিনি বলেন, ২০১৪ সালে এসআইআর কোথায় ছিল? ২০১৯ সালে এসআইআর হয়েছিল কি? ২০২৪ সালেও এসআইআর হয়নি। আপনারা তিনবারই হেরেছেন। হরিয়ানা, মহারাষ্ট্রেও এসআইআর হয়নি, তার পরেও আপনারা হেরেছেন।