ক্ষেত্রীর দুর্ঘটনার জন্য দায়ী গর্ত, দুর্বল ব্যবস্থাপনা: হিমন্ত

14

নিউজ ডেস্ক: গুয়াহাটির অনতিদূরে ক্ষেত্রীতে রবিবার পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ যাত্রীর। ঘটনাস্থলে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, রাস্তায় গর্ত এবং দুর্বল ব্যবস্থাপনা এই দুর্ঘটনার জন্য দায়ী।
কামরূপ মেট্রো জেলার সোনাপুরের কাছে তেতেলিয়ায় একটি ট্রাভেলার রাস্তার গর্তে পড়ে দিশা হারিয়ে অন্য দিক থেকে আগত একটি ট্রাককে ধাক্কা মারে। ঘটনা স্থলে মৃত্যু হয় ৬ যাত্রীর, হাসপাতালে ভর্তির পর আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছে আরও দুই যাত্রী।
হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, স্থায়ী বাসিন্দারা বলছেন যে জাতীয় সড়কে বড় বড় গর্ত এই দুর্ঘটনার জন্য দায়ী। তদন্ত করে পুলিশ দাবি করেছে যে জাতীয় সড়ক কর্তৃপক্ষের দুর্বল ব্যবস্থাপনার জন্য দুর্ঘটনা ঘটেছে। হিমন্তের দাবি, জাতীয় সড়ক কর্তৃপক্ষ সড়ক ব্যবস্থাপনার কাজ দিয়েছিল এক ঠিকাদারকে, তিনি যথাযথ দায়িত্ব পালন করেননি।
হিমন্ত জানিয়েছেন যে মুখ্যসচিব রবি কোটা কথা বলেছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে। এরকম ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে সেদিকে আমরা নজর দেব।
দুর্ঘটনায় মৃত যাত্রীদের পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা দেওয়া হবে এবং দুর্ঘটনায় আহত যাত্রীদের চিকিৎসার খরচ বহন করবে রাজ্য সরকার, বলেন হিমন্ত বিশ্ব শর্মা।
যদিও যে কোনও রাজ্যের রাস্তা, সড়ক দেখভালের দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সরকারের। যার অর্থ ক্ষেত্রীর দুর্ঘটনার দায় কিছুতেই এড়িয়ে যেতে পারে না অসম সরকার। কিন্তু সে ব্যাপারে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মুখে কোনও কথা শোনা যায়নি।