টোলগেটে টাকার বিনিময়ে গর্ত, আঘাত, দুর্ঘটনা পাচ্ছে মানুষ: গৌরব গগৈ

13

নিউজ ডেস্ক: ক্ষেত্রীর ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাত যাত্রী। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন যোরহাটের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ।
সমাজমাধ্যমে অসমের কংগ্রেস সভাপতি গৌরব গগৈ বলেছেন, বহুদিন ধরেই বলে আসছি যে অসমের জাতীয় সড়কের অবস্থা অত্যন্ত খারাপ, বিশেষ করে গুয়াহাটি থেকে তিনসুকিয়ার রাস্তা একেবারে খারাপ। সুন্দর ও উন্নত সড়কের জন্য টোলগেটে পয়সা দেয় মানুষ। কিন্তু তার বিনিময়ে মানুষ পাচ্ছে গর্ত, খানাখন্দ, আঘাত ও দুর্ঘটনা।
গৌরব গগৈয়ের অভিযোগ, টোল গেটে সংগৃহীত টাকা রাস্তার উন্নয়নে ব্যয় করা হচ্ছে না। মন্ত্রী এবং ঠিকাদারদের অশুভ আঁতাঁতের ফল ক্ষেত্রীর হৃদয় বিদারক দুর্ঘটনা, বলেছেন গৌরব গগৈ। করদাতাদের অর্থ অপব্যবহার করা হচ্ছে।
কামরূপ মেট্রো জেলার তেতেলিয়ায় রবিবার একটি ট্রাভেলার রাস্তার গর্তে পড়ে দিশা হারিয়ে অন্য দিক থেকে আগত একটি ট্রাককে ধাক্কা মারে। ঘটনা স্থলে মৃত্যু হয় ৬ যাত্রীর, হাসপাতালে ভর্তির পর আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছে আরও দুই যাত্রী।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা রাস্তার অব্যবস্থা নিয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে সোমবার ঘটনাস্থলে গিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।