আজ দিনভর বৃষ্টি বঙ্গে

23

পৃথা দাশগুপ্ত, কলকাতা: ঘূর্ণিঝড় অর্ণব অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের আশঙ্কা। দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত। অর্ণব -এর জেরে মৎস্যজীবীদের আজ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।

আজ মূলত মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি শুক্রবারেও।

ঘূর্ণিঝড় অর্ণব স্থলভাগে ঢুকে শক্তি হারিয়েছে। অতি গভীর নিম্নচাপ রূপে ছত্তিশগড়ের দিকে এগোচ্ছে। এর অভিমুখ উত্তর ও উত্তর-পশ্চিম দিক।

দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। উত্তর-পশ্চিম উত্তর প্রদেশে আরও একটি ঘুর্নাবর্ত রয়েছে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে।

দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা।পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে দু এক জায়গায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে দমকা ঝড়ো হাওয়া ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে।

উত্তরবঙ্গে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা। সব জেলাতেই হালকা বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা।

শুক্রবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস।

কলকাতায় মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল থেকে আংশিক মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে।