অঞ্জন দে, রামপুরহাট: ডেপুটি ম্যাজিস্ট্রেটের দফতরে ঢুকে ডেপুটি ম্যাজিস্ট্রেটকে আঙ্গুল উঁচিয়ে ধমক বিজেপি বিধায়কের। ঘটনাটি বীরভূমের রামপুরহাটে। আজ রামপুরহাট মহকুমা শাসকের দফতরে যান রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। বিধায়ককে কাছে পেয়ে সেখানে কর্মরত ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাইতির বিরুদ্ধে টাকা নেওয়া ও অসহযোগিতার অভিযোগ করেন তারাপীঠ এলাকার দুই হোটেল ব্যবসায়ী।
হোটেল ব্যবসায়ীদের কাছ থেকে অভিযোগ পেয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাইতির দফতরে যান বিধায়ক ধ্রুব সাহা। সেই সময় ডেপুটি ম্যাজিস্ট্রেট ও বিজেপি বিধায়ক ধ্রুব সাহার সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। সেই সময় উত্তেজিত হয়ে পড়েন বিজেপির বিধায়ক। আঙ্গুল উঁচিয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেটকে ধমক দিতে শুরু করেন। ধ্রুব সাহা ডেপুটি ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে এলাকার পাথর খাদান মালিকের কাছ থেকে ঘুষের টাকা নেওয়ার অভিযোগ তোলেন। সেই ডেপুটি ম্যাজিস্ট্রেট অস্বীকার করলে তাকে ধমক দিতে শুরু করেন । এমনকি ডেপুটি ম্যাজিস্ট্রেটকে জেলে ঢোকানোর হুমকি দেন বিজেপি বিধায়ক ধ্রুব সাহা।
বিধায়কের এহেন আচরণে রীতিমতো হতবাক হয়ে পড়েন ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাইতি। যদিও ধ্রুব সাহা বলেন, এই আধিকারিকের বিরুদ্ধে পূর্বেও অনেক মানুষের অভিযোগ ছিল। আজও তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। মানুষ আমাকে ভোট দিয়ে বিধায়ক নির্বাচিত করেছেন। আমি তাদের সরকারি সুবিধা দিতে দায়বদ্ধ। তাই মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এই ধরনের বিধায়কদের সবক শেখানোর দরকার।