কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শোভনদেব চট্টোপাধ্যায়

13

পৃথা দাশগুপ্ত, কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতার সমস্যা এবার গড়াল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়ার বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর বিরুদ্ধে বিরোধী দলনেতা নির্বাচনের প্রক্রিয়ায় সাংবিধানিক বৈধতা লঙ্ঘন করার অভিযোগ তুলে মামলা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত তৃণমূল পরিষদীয় নেতা শোভনদেব চট্টোপাধ্যায়।

আদালতের দৃষ্টি আকর্ষণ করে রাজ্যের বিরোধী দলনেতা নির্বাচনে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছে। আগামী ১৮ জুন থেকে বিধানসভার অধিবেশন শুরু হবে। তার আগে মামলাটির দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়ের আইনজীবী শীর্ষণ্য বন্দোপাধ্যায়।‌ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। বিচারপতির নির্দেশ, ১১ জুন বৃহস্পতিবার শুনানি হবে এই মামলার। এই সময়ের মধ্যে মামলায় যুক্ত সব পক্ষকে নোটিস দেবেন মামলাকারীরা।

শোভনদেব চট্টোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলনেতা করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে । তারপরই শুরু হয় সমস্যা। বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচনে তৃণমূলের বিধায়কদের সই জাল করার অভিযোগের তদন্ত‌ও শুরু করে সিআইডি।