পৃথা দাশগুপ্ত, কলকাতা: রাজ্যে পট পরিবর্তনের পর থেকেই একের পর এক গ্রেফতার । একাধিক নেতা-জনপ্রতিনিধির বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজি, ভোট পরবর্তী হিংসা সহ নানা অভিযোগ । তদন্তে নেমে একের পর এক পাকড়াও। সেই তালিকায় এবার বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তাঁর বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, সোমবার মধ্যরাতে রাজারহাটের রাইগাছি এলাকায় তাঁর বাড়ি থেকে গ্রেফতার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন এক ব্যবসায়ী। তোলাবাজির পাশাপাশি হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সূত্রের খবর, ওই ব্যবসায়ীকে লক্ষাধিক টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। ওই ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে সোমবার রাতে সব্যসাচী দত্তর বাড়িতে যায় বিধাননগর উত্তর থানার পুলিশ। রাতেই বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় তৃণমূল নেতাকে। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয় সব্যসাচী দত্তকে।
এ বারের বিধানসভা নির্বাচনে বারাসত কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সব্যসাচী। তবে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন। মঙ্গলবার সকালে থানা থেকে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় তাঁকে।