পৃথা দাশগুপ্ত, কলকাতা: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। ইডির দায়ের করা এফআইআর খারিজের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুজিত বসু। কিন্তু মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়েও আদালতের তরফ থেকে কোনও সাড়া পেলেন না । কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, এই মামলায় এখনই তাড়াহুড়ো করার কোনও প্রয়োজন নেই। নিয়ম মেনেই শুনানি হবে। তাড়াহুড়ো করার কারণ খুঁজে পাচ্ছে না আদালত। প্রয়োজনে আইনি পথে জামিনের আবেদন করার পরামর্শ দেন বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ। সোমবার মামলাটির শুনানির আর্জি খারিজ করে আগামী জুলাই মাসে শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি কৃষ্ণা রাও।
উল্লেখ্য, মে মাসে পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন সুজিত বসু। পুর নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি গ্রেফতার করে সুজিত বসুকে। সম্প্রতি তিনি জেল হেফাজতে রয়েছেন। ইডির করা এফআইআরকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন সুজিত বসুর আইনজীবী। মামলার গুরুত্ব বিচার করে দ্রুত শুনানির জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন প্রাক্তন মন্ত্রীর আইনজীবী। তবে সেই আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। মামলার শুনানির সময় বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন মামলার ক্ষেত্রে কোনও শর্টকাট হয়না। মামলার আবেদনে কোনও দ্রুততার কারণও নেই। পাশাপাশি আদালতের পর্যবেক্ষণ ,পরিস্থিতি যদি এতটাই জরুরি হয়, তবে নিয়ম মেনে জামিনের আবেদনও করা যেতে পারে।
আদালতের এই পর্যবেক্ষণ স্বাভাবিকভাবেই বড় ধাক্কা খেলেন সুজিত বসু। আইনি রক্ষাকবচ বা দ্রুত শুনানির মাধ্যমে স্বস্তি পাওয়ার যে চেষ্টা করা হচ্ছিল, তা আপাতত থমকে গেল। প্রসঙ্গত উল্লেখযোগ্য, সুজিত বসু গত শুনানিতে আদালতে ভার্চুয়ালি হাজির ছিলেন।