জঙ্গি নাশকতার বড় ছক বানচাল

38

নিউজ ডেস্ক: দিল্লি,মুম্বই সহ আরও বেশ কয়েকটি বড় শহরে গুরুত্বপূর্ণ জায়গায় নাশকতা চালানোর ছক রেডি ছিল। শুধু তা কার্যকর করার অপেক্ষা। শুধু তাই নয়, বড় বড় নামজাদা বেশ কয়েকজনকে খুন করারও নীল নকশা রেডি ছিল। শেষ পর্যন্ত দিল্লি পুলিশের তৎপরতায় সব ছক বানচাল হল জঙ্গিদের। দিল্লি ও মু্ম্বই থেকে ৯ জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল।

তদন্তকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃতদের সঙ্গে পাকিস্তানি জঙ্গি সংগঠন এবং ISI-এর প্রত্যক্ষ যোগ মিলেছে। মূলত দেশের নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত করতে সীমান্তের ওপার থেকে দেওয়া নির্দেশ মতো নাশকতা চালানোর চেষ্টা হচ্ছিল। ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণে অত্যাধুনিক অস্ত্র, বিস্ফোরক উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে জানানো হয়েছে, ধৃতরা বিশেষ করে দিল্লি ও মুম্বইয়ের গুরুত্বপূর্ণ স্থানে নাশকতা চালানোর পরিকল্পনা করেছিল। এদের নিশানায় ছিলেন ভারতীয় নিরাপত্তা বাহিনীর কয়েকজন উচ্চ পদস্থ কর্তাও।

ধৃতরা দিল্লি, মুম্বই এবং পাঞ্জাবের। কয়েকজন বিদেশি নাগরিককেও আটক করা হয়েছে। তবে এই বিদেশিরা কোন দেশের নাগরিক তা নিয়ে তদন্তের স্বার্থে এখনই মুখ খুলতে নারাজ দিল্লি পুলিশের স্পেশাল সেল। ধৃতদের সঙ্গে মুম্বই আন্ডারওয়ার্ল্ডের স্পষ্ট যোগ রয়েছে বলেও প্রাথমিকভাবে দাবি করা হয়েছে। ধৃতরা মূলত মুম্বই অপরাধ জগতের পরিকাঠামোকে ব্যবহার করে এই নাশকতা চালানো ছক কষেছিল। তাদের আর্থিক ও অন্যান্য সমস্ত সুবিধা সীমান্তের ওপার থেকেই দেওয়া হয়েছে।

তবে দেশের কোথায় এবং কীভাবে হামলার ছক ছিল, তানিয়ে এদিন কিছুই পরিস্কার করে বলা হয়নি। তদন্তের স্বার্থেই তা এখনও খোলসা করা হচ্ছে না বলে জানানো হয়েছে। এই মডিউলের পিছনে আর কারা কীভাবে জড়িতে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে শুদু গ্রেফতারিই নয়, ইতিমধ্যেই দিল্লি ও মুম্বইয়ের বেশ কিছু স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।