প্রয়াত গারফিল্ড সোবার্স

21

নিউজ ডেস্ক: প্রয়াত সর্বকালের সেরা ক্রিকেটার গারফিল্ড সোবার্স। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে ৮৯ বছর বয়সে মৃত্যু হয়েছে স্যার গ্যারি সোবার্সের।
ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে ৯৩টি টেস্ট খেলে ৮০৩২ রান করেছেন সোবার্স। গড় ৫৭.৭৮। সেঞ্চুরি করেছেন ২৬, এ ছাড়া বিশ্ব একাদশের হয়ে আরও দুটি শতরান করেছেন সোবার্স। বল হাতে নিয়েছে ২৩৫ উইকেট। গড় ৩৪.০৫। ব্যাটিং ও বোলিং গড়ের ব্যবধান ১৭, যা একমাত্র রয়েছে দক্ষিণ আফ্রিকার জাক কালিসের। ৫০০০ বা তার বেশি রান করেছেন, এমন ক্রিকেটারদের তালিকায় সোবার্সের গড় চতুর্থ সর্বোচ্চ।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৮৩টি ম্যাচ খেলে ২৮ হাজারের বেশি রান করেছেন এবং ১০০০-এর বেশি উইকেট নিয়েছেন। ১৯৬৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ব্যাটার হিসাবে এক ওভারে ছয়টি ছক্কা মারেন সোবার্স। বোলার ছিলেন ম্যালকম ন্যাশ।
ক্রিকেটের সেরা ব্যাটার ডন ব্র্যাডম্যান বলেছিলেন, সোবার্স হল একের ভেতরে পাঁচ। ব্যাটিং, ফিল্ডিংয়ের পাশাপাশি বাঁহাতি পেসার, বাঁহাতি অফব্রেক এবং রিস্ট স্পিনার।
১৯৫৩-এ ১৬ বছর বয়সে বার্বাডোজের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় সোবার্সের। পরের বছরই ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক। ১৯৫৮ সালে মাত্র ২২ বছর বয়সে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম শতরানের ইনিংসে ৩৬৫ রানে অপরাজিত থাকেন। ১৯৯৪ পর্যন্ত টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ স্কোর ছিল সেটি।
বিংশ শতাব্দীর যে পাঁচ ক্রিকেটারকে ক্রিকেট বাইবেল উইজডেন সম্মান দিয়েছে তার অন্যতম হলেন স্যার গারফিল্ড সোবার্স। এ ছাড়া উইজডেনের তিন বার ‘লিডিং ক্রিকেটার অফ দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন।
সোবার্সের প্রয়াণে শোকমগ্ন ক্রিকেট বিশ্ব। শোকবার্তা দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সুনীল গাভাসকার, বীরেন্দ্র সেওয়াগ, রবি শাস্ত্রী, শচীন তেন্ডুলকর সহ আরও অনেকে।