পৃথা দাশগুপ্ত, কলকাতা: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে এবার ইডির বিরুদ্ধে মামলা করল কালীঘাট তৃণমূল। কিন্তু পাল্টা এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল ইডি-র আইনজীবী।
কালীঘাট তৃণমূলের হয়ে এই মামলার সওয়াল করেছেন আইনজীবী কিশোর দত্ত। বিচারপতি কৃষ্ণা রাও আইনজীবী কিশোর দত্তের কাছে অনুমোদনের বিষয়টি জানতে চান । পাশাপাশি বিচারপতি রাও প্রশ্ন করেন ” কিসের অধিকারের ভিত্তিতে এই মামলা করা হয়েছে?
ঠিক তখনই ইডির আইনজীবী দলের সংবিধান দেখতে চান। ইডির আইনজীবী প্রশ্ন করেন” তৃণমূলের এই মামলার অনুমোদন পত্র কোথায়? কার অনুমোদনের ভিত্তিতে তারা এই মামলা করেছে? শুনানি শুরু হওয়ার আগে যেহেতু অনুমোদন পত্র দেখতে চান সেই জন্য তৃণমূলের পক্ষ থেকে তা নিয়ে আসার জন্য কিছুটা সময় চাওয়া হয়। মামলার শুনানি স্থগিত রাখা হয়েছে।
বিচারপতি সৌগত ভট্টাচার্য বেঞ্চ গত সপ্তাহে এই মামলায় প্রাথমিক ভাবে কিছুটা স্বস্তি দিয়েছে মমতাপন্থী তৃণমূলকে। বিচারপতি ভট্টাচার্য জানিয়েছিলেন, প্রয়োজনে ফ্রিজ হওয়া ওই তিন অ্যাকাউন্টের টাকা ব্যবহার করতে পারবে তারা। সেগুলি থেকে প্রয়োজনীয় আইনি খরচও নেওয়া যাবে। তবে অ্যাকাউন্ট পরিচালনার ক্ষমতা থাকবে স্পেশাল অফিসারের হাতে। অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশ্যাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। অন্তর্বর্তী নির্দেশে আদালত জানিয়েছে, আপাতত আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিনিই ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি পরিচালনা করবেন। সেই সংক্রান্ত মামলাতেই এ বার ইডির বিরুদ্ধে হাই কোর্টে গিয়েছে কালীঘাট তৃণমূল।