নিউজ ডেস্ক: ৩০ দিন জেলে থাকলে মন্ত্রীদের সাসপেন্ড করা হবে, প্রস্তাবিত এই বিল নিয়ে কেন্দ্রের কড়া সমালোচনা বিন্নাকান্দির বিধায়ক বদরউদ্দিন আজমলের। এপ্রসঙ্গে তিনি বলেছেন, কে কাকে শাস্তি দেবে? আজ যারা শাস্তি দেবে আগামীকাল দেখা যাবে তাদেরই শাস্তি দিচ্ছে অন্যরা। প্রায় সব রাজনীতিক চোর। কেউ কাউকে শাস্তি দিতে পারে না। এটা হচ্ছে মানুষকে বোকা বানানোর জন্য বিজেপির নতুন চাল।
কেন্দ্রের প্রস্তাবিত বিলে বলা হয়েছিল যে পাঁচ বছরের বেশি শাস্তি হতে পারে এরকম অপরাধে প্রধানমন্ত্রী সহ যে কোনও মন্ত্রী টানা ৩০ দিন জেলে থাকলে ৩১তম দিনে তাঁর মন্ত্রীপদ খারিজ হয়ে যাবে। যদিও যৌথ সংসদীয় কমিটিতে আলোচনার পর স্থির হয়েছে যে সংশ্লিষ্ট মন্ত্রীকে অপসারণ করা হবে না তবে সাসপেন্ড করা হবে। দোষ স্খালন হলে ফের তিনি মন্ত্রী হতে পারবেন।
এপ্রসঙ্গে এআইইউডিইফ এমএলএ বদরউদ্দিন আজমল বলেছেন, সংসদে ৬৫ শতাংশের বেশি সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। অধিকাংশই অপরাধী, কে কাকে শাস্তি দেবে! বিরোধী শাসিত রাজ্যের মন্ত্রীদের বিপাকে ফেলার জন্য এই বিল আনা হচ্ছে।
অভিন্ন দেওয়ানি বিধি প্রসঙ্গে আজমল বলেন, বিজেপি শাসিত রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি আনা হচ্ছে। এসবই করা হচ্ছে ভোটের কথা মাথায় রেখে। আগামী বছর উত্তর প্রদেশে নির্বাচন। হিন্দু ভোট একত্রিত করার উদ্দেশ্যে অভিন্ন দেওয়ানি বিধি আনা হচ্ছে। কিন্তু সাধারণ মানুষের এই বিলে কিছু এসে যায় না।
Prev Post